জিএসপি-সুবিধা পর্যালোচনার উদ্যোগের খবরে টিআইবির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের বাজারসুবিধা (জিএসপি) পর্যালোচনার তাগিদের খবরে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।সংগঠনটি গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রকে ‘দায়িত্বশীল ভূমিকা পালন’ এবং শ্রমিকদের অধিকতর ক্ষতির সম্মুখীন হওয়ার মতো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে টিআইবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপিভিত্তিক প্রবেশাধিকার অব্যাহত থাকবে কি না, তা দ্রুত পর্যালোচনার জন্য ১২ জন মার্কিন আইনপ্রণেতা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে অনুরোধ করেছেন।বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘পোশাকশিল্পে কাজের পরিবেশের অবনতির কারণে আমরা সবাই সমানভাবে উদ্বিগ্ন। আমরা যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারক, বিশেষভাবে সে দেশের সরকারি কর্তৃপক্ষের কাছে এ ধরনের অদূরদর্শী, দায়িত্বজ্ঞানহীন ও কাপুরুষোচিত উদ্যোগ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, মার্কিন আইন প্রণেতাদের এ ধরনের অবস্থান আত্মঘাতী ফল বয়ে আনতে পারে। কারণ, এতে পোশাকশিল্পের বাজার সংকোচনের মাধ্যমে বেকারত্ব বাড়তে পারে, যা নিরপরাধ পোশাককর্মীদের অধিকার হরণের সমতুল্য।