জিএসপি সুবিধা ফিরছে না শিগগির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকস্বার্থ পুরোপুরি সুরক্ষাসহ শ্রমমানের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে অগ্রগতি না হওয়ায় মার্কিন বাণিজ্য দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশকে সে দেশে জিএসপি ফিরিয়ে দিতে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে সুপারিশ করবে না।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অবাধ বাজারসুবিধা (জিএসপি) পুনর্বহালের জন্য কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পর ইউএসটিআর এ অবস্থান নিয়েছে। এ অবস্থান বাংলাদেশকে ইতিমধ্যে জানানোর বিষয়টি ওয়াশিংটন ও ঢাকার কূটনৈতিক সূত্রগুলো গত শুক্রবার প্রথম আলোকে নিশ্চিত করেছে।
এদিকে জিএসপি ফিরে পেতে শ্রমিকদের স্বার্থ ও নিরাপত্তার বিষয়ে বাংলাদেশকে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী মাইকেল ফ্রোমেন। শুক্রবার ওয়াশিংটনে দেওয়া বিবৃতিতে তিনি ২০১২ ও ২০১৩ সালের মতো বিয়োগান্তক দুর্ঘটনা এড়াতে যত দ্রুত সম্ভব অবশিষ্ট তৈরি পোশাক কারখানায় পরিদর্শন শেষ করার আহ্বান জানান। এ ছাড়া নিজেদের অধিকার চর্চার সময় শ্রমিকদের ওপর নিপীড়নের অভিযোগ বন্ধে জোরালো পদক্ষেপ নিতে তিনি অনুরোধ জানান।
ওয়াশিংটন থেকে জানা গেছে, তৈরি পোশাক কারখানার কাজের পরিবেশ ও শ্রমমানের সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে অগ্রগতি নিয়ে এখনো সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র। বিশেষ করে কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ হিসেবে পূর্বপরিকল্পনা অনুযায়ী সব কারখানা পরিদর্শন শেষ করতে সরকারকে অনুরোধ জানানো হয়েছে। নিজেদের অধিকার চর্চা করতে গিয়ে শ্রমিকদের নির্যাতিত হওয়ার খবর যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করেছে। এ ব্যাপারে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। শ্রম আইন সংস্কার করা হলেও এটি কার্যকর করতে এখনো বিধিমালা চালু হয়নি। তাই অবিলম্বে নতুন শ্রম আইন কার্যকর করতে বিধিমালা দেখতে চায় যুক্তরাষ্ট্র। এ ছাড়া আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) শ্রমিক অধিকার দিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের এই অবস্থানের ব্যাপারে জানতে চাইলে এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত উচ্চপর্যায়ের এক সরকারি কর্মকর্তা গতকাল শনিবার হতাশা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, মার্কিন প্রশাসন বাংলাদেশের পদক্ষেপ নিয়ে তাদের সন্তোষের কথা জানিয়েছিল। এখন আবার বলা হচ্ছে, শ্রমমানের উন্নয়ন ও শ্রমিক অধিকার সুরক্ষায় আরও পদক্ষেপ নিতে হবে। এ ধরনের অবস্থানের কারণ স্পষ্ট নয়। তা ছাড়া বাংলাদেশ ১৫ নভেম্বরের নির্ধারিত সময়ের মধ্যেই অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছিল। দেশে রাজনৈতিক অস্থিরতা চলার মধ্যবর্তী সময়ে এ ধরনের অবস্থান কেন তুলে ধরা হলো, তা নিয়েও ভাবার আছে।
এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অন্য এক জ্যেষ্ঠ কর্মকর্তা অবশ্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবস্থান নিয়ে ভিন্নমত দিয়েছেন। তাঁর মতে, জিএসপি যে শিগগিরই ফিরিয়ে দেওয়া হবে না, এটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্যে আগেই স্পষ্ট হয়েছে। কাজেই ইউএসটিআরের উপকমিটি বাংলাদেশের জিএসপি পুনর্বহালে মার্কিন প্রেসিডেন্টকে সুপারিশ করতে পারছে না বলে যে বক্তব্য দিচ্ছে, তাতে অবাক হওয়ার কিছু নেই।
বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র যেভাবে ইপিজেডে শ্রমিক অধিকার বাস্তবায়ন করতে চায়, সেভাবে করা সম্ভব নয়। বিভিন্ন পর্যায়ে পর্যালোচনার পর শ্রম আইনের বিধিমালা প্রায় দেড় মাস ধরে আটকে আছে শ্রম মন্ত্রণালয়ে। আর শ্রমিকদের নিপীড়নের যে অভিযোগ যুক্তরাষ্ট্র তুলেছে, সেগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করার আছে। কারণ, এই অভিযোগের সবগুলোর যে বাস্তব ভিত্তি আছে, তা ঠিক নয়।
পোশাক কারখানায় কাজের পরিবেশ ও শ্রমিকের স্বার্থ নিয়ে উদ্বেগ থাকায় মার্কিন প্রেসিডেন্ট ২০১৩ সালের ২৭ জুন বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করেন। জিএসপি পুনর্বহালের জন্য ইউএসটিআর বাংলাদেশের জন্য ১৬ দফা কর্মপরিকল্পনা দেয়। কর্মপরিকল্পনায় কাজের পরিবেশ ও শ্রমিকস্বার্থ সুরক্ষায় উন্নতির জন্য সরকারকে আট মাসের সময় দেওয়া হয়। ২০১৪ সালের জুলাইতে কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রতিবেদন মূল্যায়ন শেষে বাংলাদেশকে আরও পদক্ষেপ নিতে বলা হয়। এরপর পরবর্তী ছয় মাসের অগ্রগতি জানাতে গত বছরের ১৫ নভেম্বর অগ্রগতি প্রতিবেদন জমা দেয় বাংলাদেশ। সেটি মূল্যায়ন করে এখন ইউএসটিআর বলছে, কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় তারা মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশের জিএসপি ফিরিয়ে দেওয়ার সুপারিশ করতে পারছে না।