জিএসপি সুবিধা বহাল থাকার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা (জিএসপি) বহাল রাখার বিষয়ে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিতে (ইউএসটিআর) শুনানি হয়েছে। এতে বাংলাদেশ সন্তোষজনক জবাব দিয়েছে বলে জানা গেছে।বাণিজ্যসচিব মাহবুব আহমেদ বলেন, ‘শুনানিতে আমরা সব বিষয়ের সন্তোষজনক জবাব দিয়েছি। আশা করছি, জিএসপি সুবিধা বহাল থাকবে।’বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ শুনানিতে ভালোভাবে অংশ নিয়েছে। বাংলাদেশের জবাবে শুনানিতে অংশ নেওয়া মার্কিন প্রতিনিধিরা সন্তুষ্ট বলে মনে করা হচ্ছে।গত বছরের ডিসেম্বরে আমেরিকান ফেডারেল অব লেবার কংগ্রেস ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (এএফএলসিআইও) ইউএসটিআরে অভিযোগ করে, বাংলাদেশ শ্রম অধিকার বাস্তবায়নে পিছিয়ে রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ইউএসটিআর শুনানির আয়োজন করে।মাহবুব আহমেদের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল ওই শুনানিতে অংশ নেয়। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রয়েছেন বিজিএমইএর সদ্য বিদায়ী সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সহসভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (বেপজা) চেয়ারম্যান কে এম মমিনুর রহমান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।প্রতিনিধিদলের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, ‘ইউএসটিআর গতকালই আমাদের ইঙ্গিত দিয়েছে, বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা বহাল থাকছে।’ ইউএসটিআরের দুজনসহ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র, কৃষি, অর্থ, বাণিজ্য ও শ্রম বিভাগের মোট সাতজন প্রতিনিধি শুনানি গ্রহণ করেন।জানা গেছে, শুনানিতে বাণিজ্যসচিব বাংলাদেশে শ্রম অধিকার বাস্তবায়নের নানা দিক এবং এ বিষয়ে বাংলাদেশের তুলনামূলক অগ্রগতির চিত্র তুলে ধরেন।