জিএসপি সুবিধা বাংলাদেশের জন্য কিছুই না: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘জিএসপি (যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা) ফিরে পেতে সরকার আশাবাদী। তবে জিএসপি সুবিধা বাংলাদেশের জন্য কিছুই না। জিএসপি কাভার্ডের জন্য আমাদের ৬০০ মিলিয়ন এক্সপোর্ট আছে। আমরা এক্সপোর্ট করি পাঁচ হাজারের মতো।’

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক টি-টোয়েন্টি স্কুল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) ফিরে পেতে বেঁধে দেওয়া সব শর্ত দ্রুতগতিতে পূরণের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।       জিএসপির ব্যাপারে সরকার আশাবাদী উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সবকিছুতেই রাজনৈতিক বিবেচনা থাকে। রাজনৈতিক বিবেচনায় শেষ পর্যন্ত কী হবে, জানি না, তবে জিএসপি ফিরে পেতে সরকার পুরোপুরি আশাবাদী।’

উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনমুখী হয়েছে, এটা পজিটিভ। এত দিন বিএনপি নো নো করেছে, এখন নির্বাচনকে ইয়েস বলেছে।’

সিলেট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক টি-টোয়েন্টি স্কুল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল হালিম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ বক্তব্য দেন।