জিএসপি-সুবিধা বাতিলের জন্য দায়ী খালেদা: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারের বাংলাদেশকে দেওয়া বিশেষ বাণিজ্যিক সুবিধা জিএসপি বাতিলের জন্য দায়ী বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। আজ শনিবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মিলনায়তনে আইডিবির জেলা নেতাদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, ক্ষমতার লোভে আন্তর্জাতিক বাজারে লবিস্ট নিয়োগ করে জিএসপি-সুবিধা বাতিলে সহায়তা করেছেন খালেদা জিয়া। ‘ওয়াশিংটন পোস্ট’-এ লেখা তাঁর প্রবন্ধে তিনটি আহ্বান ছিল, যার মধ্যে একটি ছিল জিএসপি-সুবিধা বাতিল। দেশের পোশাকশিল্পে এ আঘাতের কারণে খালেদা জিয়া জাতির শত্রু হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। হানিফ বলেন, চারটি সিটিতে বিএনপির প্রার্থী জয়ী হওয়া সত্ত্বেও খালেদা জিয়া অভিযোগ করেছেন কারচুপির নির্বাচন হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, বিরোধীদলীয় নেত্রীর সব অভিযোগই মিথ্যা।
কারচুপির নির্বাচন হলে সরকার পতন আন্দোলন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রীর এ বিশেষ সহকারী বলেন, কারচুপির নির্বাচন করতে করতে বিরোধী দলের মনে ও মগজে এটা এতটাই স্থায়ী হয়ে গেছে যে এখন তারা এ ছাড়া আর কিছু বোঝে না। বিরোধী দলের সরকার পতন আন্দোলনের হুমকিতে সরকারের কিছুই হবে না বলে মন্তব্য করেন হানিফ।
সরকার গ্রামীণ ব্যাংক ধ্বংস করতে চায়, বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, ‘গ্রামীণ ব্যাংক ধ্বংস করার ইচ্ছা সরকারের নেই। যেটা হয়েছে সেটা ড. ইউনূস ও অর্থ মন্ত্রণালয়ের ভুল-বোঝাবুঝি। বয়সের কারণে তাঁকে সরানো হয়েছে। আমরা মনে করি, ড. ইউনূস সম্মানিত ব্যক্তি। রাজনৈতিক বেড়াজালে এসে উনি নিজেকে বিতর্কিত করবেন না।’
সংগঠনের সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুর রহমান।