জিএসপি-সুবিধা বাতিলের হুমকি অযৌক্তিক: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের জিএসপি- সুবিধা (যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা) বাতিলের হুমকি অযৌক্তিক, অবিচার ও অন্যায্য।
আজ শনিবার দুপুরে সচিবালয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন ।
আবুল মাল আবদুল মুহিত বলেন, একসময় ভাড়াবাড়ি থেকে শুরু করা পোশাকশিল্প এখন ভালো একটি জায়গায় পৌঁছেছে। বর্তমানে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানির দেশ বাংলাদেশ।
সাভারে রানা প্লাজা ধসের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘গত ৩০ বছরে কয়টি দুর্ঘটনা ঘটেছে, কয়টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে? তাজরীনের পর সাভারে ভবনধসের ঘটনা পর পর হয়ে গেছে।’

মন্ত্রী জানান, সাভার ট্র্যাজেডির আগেই মন্ত্রিসভার একটি কমিটি তৈরি পোশাকশিল্প নিয়ে কাজ করছে। সাভার ট্র্যাজেডির পর আরেকটি কমিটি গঠন করা হয়েছে, যারা তিন মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দেবে। এত কিছুর পরও জিএসপি-সুবিধা বাতিলের হুমকি অত্যন্ত অন্যায়।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে ৫ শতাংশ শুল্ক নেয়। বাংলাদেশের কাছ থেকে নেয় ২৪ শতাংশ। বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশ। এর পরও দেশটি সুবিধা দিতে চায় না। তাদের যুক্তি, বাংলাদেশকে সুবিধা দিলে অন্য স্বল্পোন্নত দেশগুলো মরে যাবে। এটা অযৌক্তিক, অবিচার ও অন্যায্য।’

আইবিএফবির প্রতিনিধিদলটি কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র সফরে যাবে। সফরকালে বাংলাদেশের এই বিষয়গুলো সংশ্লিষ্ট মহলের কাছে তুলে ধরতে আইবিএফবির প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।