জিএসপি সুবিধা স্থগিতে ১৬ কোটি লোক ক্ষতিগ্রস্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিএসপি সুবিধা স্থগিতে দেশের ১৬ কোটি লোক ক্ষতিগ্রস্ত হবে। সরকার সচেতন হলে এটা হতো না। গতকাল শনিবার বিকেলে বিবিসির সংলাপে বক্তারা এ কথা বলেন।

খুলনার বয়রায় খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে সংলাপের ৩৩তম পর্ব অনুষ্ঠিত হয়।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংলাপে প্যানেল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ, খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. মনিরুজ্জামান, শিক্ষাবিদ আনোয়ারুল কাদির এবং খুলনাভিত্তিক সংবাদপত্র দৈনিক পূর্বাঞ্চল-এর ব্যবস্থাপনা সম্পাদক ফেরদৌসী আলী। প্যালেন সদস্যরা দর্শকদের চারটি প্রশ্নের উত্তর দেন।

প্রশ্নগুলো ছিল যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি স্থগিতের সিদ্ধান্ত, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, খুলনাকে আবার শিল্প নগর হিসেবে গড়ে তোলা এবং সুন্দরবনসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি সত্ত্বেও রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনসংক্রান্ত।

জিএসপি সুবিধা স্থগিতসংক্রান্ত প্রশ্নের জবাবে হারুনুর রশিদ বলেন, এর ফলে দেশের ১৬ কোটি লোক ক্ষতিগ্রস্ত হবে। আনোয়ারুল কাদির বলেন, ২০০৭ সাল থেকে জিএপি সুবিধা বন্ধের ষড়যন্ত্র চলছিল। কিন্তু কোনো সরকার এটিতে কান না দেওয়ায় আজ এ অবস্থা। মো. মনিরুজ্জামান বলেন, ‘সরকারের ব্যর্থতার কারণে আজ আমরা জিএসপি হারালাম।’ ফেরদৌসী আলী বলেন, ‘সরকারের সুশাসনের অভাবে আমরা জিএসপি হারালাম।’ দেশের পোশাক খাতে সৃষ্ট সমস্যাকে সরকার গুরুত্ব দেয়নি বলে তিনি অভিযোগ করেন।

বিবিসি বাংলা এবং বিবিসি মিডিয়া অ্যাকশন যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানটি বিবিসি বাংলায় প্রচারিত হবে কাল রোববার রাত আটটায় এবং পুনঃ প্রচারিত হবে মঙ্গলবার রাত আটটায়। এ ছাড়া চ্যানেল আইয়ে অনুষ্ঠানটি প্রচারিত হবে সোমবার রাত সাতটা ৫০ মিনিট এবং মঙ্গলবার ভোর পাঁচটা এবং দুপুর তিনটা পাঁচ মিনিটে।