ইউরোপের বাজারে বাংলাদেশের পণ্য যে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) পেয়ে থাকে, তাতে কোনো পরিবর্তন আনার কথা ভাবছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল রোববার বাংলাদেশে নিযুক্ত ইইউর প্রতিনিধি উইলিয়াম হানা তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। খবর ইউএনবির।
ইউরোপের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা প্রত্যাহার হতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা ওঠার পর উইলিয়াম হানা বিষয়টি পরিষ্কার করলেন। হানা বলেন, ইইউর বাজারে বাংলাদেশের পণ্য এখন কোনো কর বা নিষেধাজ্ঞা ছাড়াই প্রবেশের সুযোগ পাচ্ছে। বাংলাদেশ এখন পণ্য ও বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করছে বলেও জানান তিনি। এতে ইইউ কোনো পরিবর্তন আনার কথা ভাবছে না বলে জানান তিনি।
হানা বলেন, বাংলাদেশের শিল্প-কারখানাগুলোতে আগুন, ভবনের নিরাপত্তা, শ্রমিকদের নিরাপত্তার ব্যাপার নিয়ে ইইউ উদ্বিগ্ন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সুপারিশের ভিত্তিতে বাংলাদেশের শিল্প-কারখানাগুলোতে শ্রমিকদের সংগঠনগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, কারখানা পরিদর্শন ও কাজের পরিস্থিতি ভালো করার ওপর জোর দিচ্ছে ইইউ। হানা বলেন, কারখানার নিরাপত্তার বিষয়ে আইএলওর সুপারিশের ভিত্তিতে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। এর বাস্তবায়নও দ্রুত হবে।