জিএসপি স্থগিত হওয়ায় সরকারের সমালোচনা করলেন ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র জিএসপি-সুবিধা স্থগিত করায় সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, ‘সরকার বিশ্বব্যাংককে পদ্মায় ফেরাতে পারেনি। আমাদের স্বপ্নগুলো প্রতিনিয়ত ধূলিসাত্ হচ্ছে।’
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘দৈনিক আমার দেশ’ -পত্রিকার ছাপাখানা বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ) ও ‘দৈনিক আমার দেশ’ যৌথভাবে সংলাপের আয়োজন করে। খবর বাসসের।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সরকার অস্তিত্ব টিকিয়ে রাখতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না দিয়ে নিজেদের অধীনেই নির্বাচন দিতে চাচ্ছে। তাদের কাছ থেকে জনগণ যে মুখ ফিরিয়ে নিয়েছে সেটার প্রমাণ হলো গত ১৫ জুন অনুষ্ঠিত হয়ে যাওয়া চার সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল। তাই আমাদের দাবি, অবিলম্বে জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিল পাস করতে হবে।’
মির্জা ফখরুল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে সেনা মোতায়েনের দাবি জানান। এ সময় তিনি বলেন, ‘গাজীপুরের নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে সেদিন থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে ইসলামিক ও দিগন্ত টেলিভিশন চালু এবং ‘আমার দেশ’ পত্রিকার প্রেস অবমুক্ত ও পত্রিকাটির সম্পাদকের মুক্তি দাবি করেন।
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন্নেছা তাহমিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের প্রতিষ্ঠাতা চিকিত্সক জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিরোধীদলীয় ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদাল আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন এনআরএফের সাধারণ সম্পাদক এম আল মোজাদ্দেদী আলফেছানী।