চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের বাণিজ্য মেলা উদ্বোধন
জিএসপি স্থগিতে বাংলাদেশের ক্ষতি সামান্য: বাণিজ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) স্থগিতে তেমন ক্ষতি হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তবে তিনি বলেন, জিএসপি ফিরিয়ে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র এখন আর কোনো সমস্যা দেখছে না। টিকফা (বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা কাঠামো) বৈঠক শেষ হয়েছে। মার্কিন কংগ্রেসে বৈঠক হলেই স্থগিত জিএসপি সুবিধা ফেরত পাবে বাংলাদেশ।
গতকাল শনিবার চট্টগ্রাম নগরের হালিশহর মাঠে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। মেলার আয়োজক চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা রপ্তানি করি ৬ বিলিয়ন ডলার, আর জিএসপি সুবিধা পাই ২৩ মিলিয়ন ডলার। জিএসপি সুবিধা আসলে সুনাম। আমাদের সঙ্গে যে কাজটা তারা করেছে, সেটি অন্যায় করেছে। আমাদের থেকে অনেক পিছিয়ে আছে, আমাদের কাছাকাছিও নেই এমন দেশও জিএসপি পেয়েছে। এ জন্যই আমি বলেছিলাম যে এটার ভেতরে অন্য কিন্তু রয়েছে। কারণ, পৃথিবীর অনেক দেশ আছে বাংলাদেশের উত্থান দেখতে চায় না।’
চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানী বানানোর জন্য সরকার অনেকগুলো প্রকল্প নিয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর হবে, তাতে কোনো সন্দেহ নেই। কর্ণফুলী টানেল নির্মাণের জন্যও আট হাজার কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া মাতারবাড়ীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং এলএনজি আমদানির বিষয়েও কাজ চলছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, শুধু ইউরোপ বা আমেরিকা নয়, ধীরে ধীরে বাংলাদেশের বাজার সম্প্রসারিত হচ্ছে ভারত, চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায়। সে কারণে যোগাযোগব্যবস্থা উন্নত করতে সরকার কাজ করছে। সরকারের দিকনির্দেশনায় দেশের বেসরকারি খাত এ দেশের উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ আফছারুল আমীন, চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক, মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী, মেলা কমিটির আহবায়ক আমিনুজ্জামান ভূঁইয়া প্রমুখ।
আয়োজকেরা জানান, আগামী ১ ডিসেম্বর থেকে মেলা শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।