জিও ব্যাগ দিয়েও রক্ষা হচ্ছে না টেকনাফ রক্ষা বাঁধ
কক্সবাজারের টেকনাফ রক্ষা বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে লোকালয়ে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে জিও টেক্সটাইল ব্যাগের মাধ্যমে বালুর বস্তা ফেলে পানি প্রবেশ বন্ধের চেষ্টা চালিয়ে গেলেও কোনো অবস্থাতে জোয়ারের পানি ঠেকানো যাচ্ছে না।গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় বেড়িবাঁধের প্রায় আধা কিলোমিটার অংশ ভেঙে গেছে। কয়েক দিন ধরে বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত ওই অংশের পাশ দিয়ে পাউবো একাধিক বালুর বস্তা ফেলে পানি প্রবেশ ঠেকানোর চেষ্টা করে আসছে। কিন্তু আষাঢ়ের পূর্ণিমার জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় কোনো অবস্থাতেই ঠেকানো যাচ্ছে না। পাশাপাশি নতুন করে বিভিন্ন স্থানে বাঁধের ভাঙন দেখা দিয়েছে।পাউবো সূত্রে জানা গেছে, আষাঢ়ে পূর্ণিমার জোয়ারের গতিবেগ তীব্র হওয়ায় চেষ্টা করেও পানির প্রবেশ থামানো যাচ্ছে না। এ কারণে বাঁধটি আবার ভেঙে গিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। জরুরি ভিত্তিতে একজন ঠিকাদার দিয়ে ওই বাঁধের ওপর পাউবো ২৭ লাখ টাকার সাড়ে চার হাজার (প্রতি বস্থায় ২৫০ কেজি ওজনের বালু) বালুভর্তি ব্যাগ দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।সাবরাং ইউপির প্যানেল চেয়ারম্যান কবির আহমদ জানান, প্রতিদিন পাঁচ-সাত মিটার করে বেড়িবাঁধ ভেঙে সাগরে বিলীন হচ্ছে। কোনোভাবে বাঁধ ঠেকানো যাচ্ছে না। ভাঙনের তীব্রতা খুব বেশি হওয়ায় জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর মাধ্যমে লম্বা জিও ব্যাগ দিয়ে হলেও অস্থায়ী রিং বাঁধের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের উচ্চপর্যায়ে আবেদন করা হয়েছে।জেলা পাউবো নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন আহমদ জানান, ভাঙনের করাল গ্রাস থেকে এলাকা রক্ষা করার জন্য বিকল্প রিং বাঁধের ব্যবস্থা করা হয়েছে। এ বর্ষায় জোয়ারের পানি প্রবেশ ঠেকাতে প্রয়োজনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে টেকসই বাঁধ নির্মাণের চেষ্টা করা হবে।