জিকা ঠেকাতে বিশ্বব্যাপী সতর্কতা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে। গত রোববার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, উত্তর আমেরিকার দেশগুলোয় সংক্রমণের শুরু হয়েছে এবং তা ছড়াচ্ছে দ্রুতগতিতে। সংক্রমণটির মোকাবিলায় গোটা বিশ্বকে এক হতে হবে।
জিকার সংক্রমণে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের গর্ভস্থ শিশুরা এনকেফালি রোগে আক্রান্ত হচ্ছে। এই শিশুরা বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে জন্মায়। এদের বৃদ্ধি ব্যাহত হয় এবং মৃত্যুঝুঁকিও বেশি। শুধু ব্রাজিলেই গত অক্টোবরে এমন চার হাজার শিশুর জন্ম হয়েছে।
গত বছর ইবোলার সংক্রমণ ঠেকাতে ডব্লিউএইচও যে সতর্কতা জারি করেছিল, এবার সেই একই মাত্রার সতর্কতা জারি করেছে। এর মানে হলো, সংক্রমণ প্রতিরোধের উপায় খুঁজতে গবেষণার গতি বাড়ানো হবে এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান বলেছেন, ‘বিশ্ব একটা অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি এখন। পরিস্থিতি মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’ এ মুহূর্তে সবার আগে গর্ভবতী নারীদের সুরক্ষা দিতে হবে বলে তিনি উল্লেখ করেন। মার্গারেট চ্যান জিকার সংক্রমণ ঘটেছে এমন দেশগুলোয় ভ্রমণের পরিকল্পনা থাকলে তা পিছিয়ে দেওয়া এবং জিকার সংক্রমণ ঘটেছে এমন জায়গায় বসবাসকারী গর্ভবতী মায়েদের মশার কামড় থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
এখন পর্যন্ত জিকার সংক্রমণ প্রতিরোধী কোনো টিকা বা ওষুধ আবিষ্কৃত হয়নি। মশা থেকে দূরে থাকা ছাড়া এখন পর্যন্ত নিরাপদ আর কোনো পন্থা নেই মানুষের হাতে। ডব্লিউএইচও বলছে, জিকা পুরো আমেরিকায় ‘বিস্ফোরকের মতো’ ছড়াচ্ছে। ব্রাজিলসহ মোট ২০টি দেশে এখন পর্যন্ত জিকার সংক্রমণ ঘটেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর ৪ ফেব্রুয়ারি একটি বৈঠক ডেকেছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক আবুল খায়ের মো. শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা সংক্রামক ব্যাধির বিশেষজ্ঞদের ডেকেছি। বাংলাদেশে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, সে নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে।’ এদিকে বাংলাদেশের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান বলেছেন, এ মুহূর্তে জিকা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে যেসব কর্মসূচি আছে, সেগুলো বহাল রাখা যেতে পারে।
জিকা ভাইরাসে আক্রান্ত হলে ডেঙ্গুর মতো লক্ষণ দেখা দেয়। দিনের বেলায় এডিস ইজিপ্ট মশার কামড়ে এ রোগ ছড়ায়। ডেঙ্গুর মতো এ রোগটি তীব্র ও প্রাণঘাতী নয়। চিকিৎসা না করালেও জিকা ভাইরাসে আক্রান্ত বেশির ভাগ রোগী সাধারণত ৫ থেকে ১০ দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায়। তবে রোগটি গর্ভস্থ শিশুর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।
‘জিকা’ নামটি নেওয়া হয়েছে উগান্ডার জিকা বন থেকে৷ ১৯৪৭ সালে বানরের দেহে এই সংক্রামক এজেন্টের উপস্থিতি শনাক্ত করা হয়। ১৯৫২ সালে এর নাম দেওয়া হয় জিকা ভাইরাস৷ বর্তমানে এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, উত্তর আমেরিকায়ও ছড়িয়ে পড়ছে।