জিকা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জিকা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। জিকা ভাইরাস কোনো প্রাণঘাতী কিছু নয়।
আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরে জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালের উদ্বোধনকালে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জিকা ভাইরাস এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এটি ব্রাজিল ও আশপাশের কয়েকটি অঞ্চলে দেখা গেছে। তারা সেটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ অঞ্চলে এই ভাইরাস এখনো দেখা যায়নি। আশা করছি, এ দেশে দেখা যাবে না। বাংলাদেশে এই ভাইরাস কখনো ছিল না, এখনো নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছেন তাঁরা।
আড়াইহাজার পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জের সিভিল সার্জন আশুতোষ দাস, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শাহ জালাল মিয়া, চিকিৎসক সায়মা ইসলাম প্রমুখ।