বাংলাদেশ জিকা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জাসদের এ কে এম রেজাউল করিম তানসেনের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে জিকা ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি। তবে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় এবং এ দেশে এডিস মশার অস্তিত্ব থাকায় বাংলাদেশও ঝুঁকির মধ্যে রয়েছে।
সরকারি দলের মিজানুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিঙ্গাপুরে বসবাসরত ১৯ জন বাংলাদেশির শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। তাঁরা সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসা নিয়ে নিজ নিজ কর্মস্থলে কাজ করছেন। বিশ্বের ৮৮টি দেশে জিকা ভাইরাস রয়েছে বলে প্রমাণিত হয়েছে। এশিয়ার সব কটি দেশই জিকা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। এই ভাইরাসে আক্রান্ত রোগীরা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য স্থল, নৌ ও বিমানবন্দরে ভাইরাস শনাক্তের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটার পর সংসদের অধিবেশন শুরু হয়।
ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, সরকারি হিসাবে দেশে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪ হাজার ১৪৩। এর মধ্যে ৬৫৮ জন মারা গেছেন।
নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভেজাল ওষুধ তৈরি ও মানসম্মত ওষুধ তৈরি না করায় সরকার বেশ কিছু ওষুধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ১৩টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। ২০টি প্রতিষ্ঠানের সকল প্রকার ওষুধ উৎপাদন বন্ধ করা হয়েছে। ১৪টি প্রতিষ্ঠানের সকল প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধ উৎপাদন বন্ধ করা হয়েছে। ১২টি প্রতিষ্ঠানের সকল প্রকার পেনিসিলিন ও সেফালোস্পেরিন জাতীয় ওষুধ উৎপাদন বন্ধ করা হয়েছে।
পঞ্চানন বিশ্বাসের সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে স্বাস্থ্য বিভাগের ৪০ হাজার পদ শূন্য রয়েছে। যে কারণে যন্ত্রপাতি থাকলেও এর পেছনে কোনো মানুষ নেই। মূলত জনবল-সংকটের কারণে সাধারণ মানুষকে পুরোপুরি স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। সরকার জনবল অনুমোদন করলে শূন্য পদে নিয়োগ দেওয়া সম্ভব হবে। এতে দেশের মানুষ উপকৃত হবেন।
হাবিবর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ শতাংশ। এই হারে বাড়লে ২০২১ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ১৭ কোটি ১৬ লাখ।
জেবুন্নেছা আফরোজের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, এ বছর সরকারি খরচে ২৮৯ জন পবিত্র হজ পালনে সৌদি আরব গেছেন।