জিগাতলায় পোশাক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জিগাতলায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগে। এতে কারখানা ভবনের দ্বিতীয় তলার সব মালামাল পুড়ে গেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসেস সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে ১৫/বি জিগাতলায় গ্রিনলিফ পোশাক কারখানার দ্বিতীয় তলায় আগুন লেগে ধোঁয়া বের হতে থাকে। আগুন ছড়িয়ে পড়ার আগেই পাঁচতলা ওই ভবন থেকে শ্রমিকেরা নিচে নেমে আসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফুলবাড়িয়া সদর দপ্তরসহ আশপাশের কয়েকটি ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নেভানোর কাজে অংশ নেন। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দ্বিতীয় তলায় অবস্থিত যন্ত্রপাতি, পোশাক ও কাপড় পুড়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্বিতীয় তলায় আগুন জ্বলতে দেখেন। আগুন যাতে ছড়াতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেন তাঁরা। ওই ভবনের ছাদ থেকে এক শ্রমিককে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের পরিচালক (অভিযান) মেজর মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ভয়াবহ যানজটের কারণে ঘটনাস্থলে যেতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাবে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় গ্রিনলিফ এবং চতুর্থ ও পঞ্চম চলায় বেঙ্গল অ্যাপারেলস পোশাক কারখানা অবস্থিত।