জিগাতলায় যুবককে গুলি করে হত্যা
রাজধানীর জিগাতলায় গতকাল রোববার রাতে সন্ত্রাসীরা ওমর খান ওরফে সজীব (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে। নিহতের পরিবার দাবি করেছে, ডিশ ব্যবসাকে কেন্দ্র করে কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী ইমন গ্রুপের সন্ত্রাসীরা সজীবকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, রাত নয়টার দিকে মিতালী রোডে একটি মসজিদের সামনে একদল সন্ত্রাসী সজীবকে গুলি করে পালিয়ে যায়। তাঁর শরীরে তিনটি গুলি লেগেছে। পরে লিমা খোরশেদ নামে এক মহিলা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।ওসি জানান, কয়েক দিন আগে এলাকায় আফাজ নামের এক যুবক খুন হন। এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে। নিহত সজীবের বিরুদ্ধে চারটি হত্যা মামলা ছিল।নিহতের ভাই মাইনুল জানান, রোববার দুপুরে সজীবকে বাসা থেকে তাঁর এক বন্ধু ডেকে নিয়ে যান। ওই বন্ধুর সঙ্গে সজীব ডিশ ব্যবসা করেন। ‘ধারণা করা হচ্ছে, ডিশ ব্যবসাকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী ইমন গ্রুপের সন্ত্রাসীরা আমার ভাইকে হত্যা করেছে।’ বাবার নাম আবদুর রউফ খান। মোহাম্মদপুরের বছিলার রায়েরচরে সজীব থাকতেন।