জিগাতলায় সড়ক খোঁড়াখুঁড়ি চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিগাতলার বিভিন্ন সড়কে উন্নয়নকাজের জন্য খোঁড়াখুঁড়ির পর তা সংস্কার করা হয়নি। বছরজুড়ে এ অবস্থা থাকায় এলাকাবাসীর ভোগান্তির অন্ত নেই। ছবিটি গতকাল সকালে পুরাতন কাঁচাবাজার ​এলাকা থেকে তোলা l প্রথম আলো
জিগাতলার বিভিন্ন সড়কে উন্নয়নকাজের জন্য খোঁড়াখুঁড়ির পর তা সংস্কার করা হয়নি। বছরজুড়ে এ অবস্থা থাকায় এলাকাবাসীর ভোগান্তির অন্ত নেই। ছবিটি গতকাল সকালে পুরাতন কাঁচাবাজার ​এলাকা থেকে তোলা l প্রথম আলো

রাজধানীর জিগাতলা এলাকার বিভিন্ন সড়কে চার মাসের বেশি সময় ধরে খোঁড়াখুঁড়ি চলতে থাকায় এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) সড়কগুলোয় নতুন পাইপ বসানোর কাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, খোঁড়া গর্ত ঠিকভাবে ভরাট না করায় এবং গর্তের বালু সরে যাওয়ায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।
ওয়াসা সূত্র জানায়, তাদের ‘ঢাকা ওয়াটার সাপ্লাই সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টের’ অংশ হিসেবে জিগাতলা এলাকার রাস্তা কাটা হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এ প্রকল্পে পুরো ঢাকা শহরের পুরোনো পানির পাইপ সরিয়ে নতুন পাইপ বসানো হচ্ছে।
সরেজমিন দেখা যায়, পোস্ট অফিস রোড, শেরেবাংলা রোড, ট্যানারি মোড়, মনেশ্বর রোড ও পুরোনো কাঁচাবাজারের সামনের সড়ক ভাঙাচোরা। পাইপ বসানোর জন্য খোঁড়া গর্ত বালু দিয়ে ভরাট করে দেওয়া হলেও বালু সরে যাওয়ায় ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। শুষ্ক মৌসুমেও পুরোনো কাঁচা বাজারের সামনের সড়ক কাদাপানিতে সয়লাব।
মনেশ্বর রোডের বাসিন্দা অ্যামি চৌধুরী বলেন, চার-পাঁচ মাসের বেশি সময় ধরে এমন খোঁড়াখুঁড়ি চলছে। একই সড়কে একবার ডান পাশ কাটে, কয়েক দিন পরে আবার বাম পাশ কাটে। পুরো এলাকার অবস্থাই এমন। রাস্তাঘাটে চলার কোনো উপায় নেই।
এলাকাবাসী অভিযোগ করেন, ওয়াসা নতুন পাইপ বসানোর কাজ চার মাসের বেশি সময় আগে শুরু করলেও বিভিন্ন জায়গায় কাজ অসমাপ্ত রেখে দিয়েছে। অনেক বাড়ির সামনে গর্ত খোঁড়া হলেও সেগুলো ভরাট করা হয়নি।
এলাকার বিভিন্ন জায়গায় পাইপ বসানোর জন্য খোঁড়া বড় আকারের অনেকগুলো গর্তও উন্মুক্ত অবস্থায় থাকতে দেখা গেছে। যানবাহন বা অসতর্ক পথচারী এসব গর্তে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এসব সড়কে ফুটপাত না থাকায় পথচারীদের চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবড়োখেবড়ো সড়কগুলোও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
প্রকল্পের অধীনে ধানমন্ডি-জিগাতলা এলাকায় ঠিকাদার প্রতিষ্ঠান দেশ কনস্ট্রাকশন ডেভেলপার্স লিমিটেড (ডিসিডিএল) পাইপ বসানোর কাজ করছে। ডিসিডিএলের প্রকৌশলী নিজামউদ্দিন প্রথম আলোকে বলেন, জিগাতলা, মনেশ্বর রোড এলাকায় পাইপ বসানোর কাজ শেষ। একটি পাইপের সঙ্গে আরেকটি সংযোগ দেওয়ার কাজ চলছে। আগামী ১৫ তারিখের মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে।
ঢাকা ওয়াটার সাপ্লাই সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রকল্পের পরিচালক ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদ উদ্দিন বলেন, কাজ চলাকালে জনগণের দুর্ভোগ হলেও কাজ শেষে এর সুফল মিলবে। প্রতিবছর নতুন করে পাইপ বসাতে হবে না। এলাকার পানির সমস্যা দূর হবে।
পাইপ বসানোর দায়িত্ব ওয়াসার হলেও কাটা সড়ক মেরামত করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। জিগাতলা এলাকার ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম বলেন, ‘ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে কয়েকবার কথা বলেছি। দ্রুত কাজ শেষ করতে তাগাদা দিয়েছি। তারা বুঝিয়ে দিলেই সড়কগুলো সংস্কার করা হবে।’