পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠপ্রধান যজ্ঞেশ্বর চন্দ্র রায় হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় আসামি বাবুল হোসেনকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ নিয়ে ওই ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে থাকা ছয়জনের মধ্যে চারজনকে কারাগারে পাঠানো হলো। বর্তমানে রমজান আলী ও হারেজ আলী নামের দুই আসামি রিমান্ডে রয়েছেন।
এর আগে গত শুক্রবার জাহাঙ্গীর হোসেনকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বৃহস্পতিবার খলিলুর রহমানকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত মঙ্গলবার আসামি আলমগীর হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আলমগীর জাহাঙ্গীর হোসেনের ছোট ভাই। তাঁরা উপজেলা সদরের কামাতপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আইয়ুব আলী বলেন, ‘প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় রিমান্ড শেষ হওয়ার আগেই বাবুল হোসেনকে গতকাল পঞ্চগড় আমলি আদালত-২-এ হাজির করা হয়। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিকুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
গত ২১ ফেব্রুয়ারি দেবীগঞ্জে শ্রীশ্রীসন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে (৫০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে মঠের একজন সাধু আহত হন। হত্যার ঘটনায় যজ্ঞেশ্বরের বড় ভাই রবীন্দ্রনাথ এবং দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান অস্ত্র ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা করেন। দুটি মামলাতেই তিন মোটরসাইকেল আরোহীসহ অজ্ঞাতপরিচয় কয়েক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ঘটনার দিন রাতেই পুলিশ দুই মামলায় খলিলুর রহমান, বাবুল হোসেন ও জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার করা হয় হারেজ আলী, রমজান আলী ও আলমগীর হোসেনকে।