রাজধানীর চামেলীবাগে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী হত্যার ঘটনায় তাঁদের মেয়ে ঐশী রহমানকে পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করেও এই হত্যাকাণ্ডে কতজন জড়িত ছিল, তা নিয়ে বিভ্রান্তি কাটেনি পুলিশ কর্মকর্তাদের। তাঁরা বলেছেন, পাঁচ দিনের রিমান্ড শেষে আজ শনিবার আদালতে হাজির করে আবারও ঐশীসহ তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হতে পারে।তদন্ত-সংশ্লিষ্ট পুলিশের কর্মকর্তারা বলেছেন, জিজ্ঞাসাবাদের শুরু থেকেই ঐশী বলছে, তার দুই বন্ধু এই হত্যার ঘটনা ঘটিয়েছে। তবে চামেলীবাগের ওই ভবনটির নিরাপত্তাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ওই দুই বন্ধুর কোনো অস্তিত্ব খুঁজে পায়নি।পুলিশের কর্মকর্তারা বলছেন, জিজ্ঞাসাবাদের বিভিন্ন পর্যায়ে ঐশীর কাছে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তার বর্ণনার সঙ্গে ঘটনা মেলাতে গত বৃহস্পতিবার তাকে চামেলীবাগে তাদের বাসায়ও নিয়ে যাওয়া হয়। তবে হত্যাকাণ্ডে তার দুই বন্ধু জড়িত ছিল—এই বক্তব্যে গতকাল শুক্রবার পর্যন্ত ঐশী অটল ছিল। পুলিশের কাছে এটি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। যেহেতু পুলিশের অনুসন্ধানে পাওয়া তথ্যের সঙ্গে তার বক্তব্য মিলছে না, তাই ঐশীকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হতে পারে।ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, রিমান্ডে নিয়ে পাঁচ দিন জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (আজ) ঐশী, গৃহকর্মী সুমি ও ঐশীর বন্ধু রনিকে আদালতে নেওয়া হবে।ঐশী ও শিশু গৃহকর্মী সুমিকে রিমান্ডে নেওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ১৬ আগস্ট বিকেলে চামেলীবাগের বাসা থেকে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ঐশী পল্টন মডেল থানায় আত্মসমর্পণ করে।