জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে সামিয়ুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার যুক্তরাজ্যের নাগরিক সামিয়ুন রহমানের কাছ থেকে কোনো তথ্য পায়নি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিন দিন জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোর কাছে দাবি করেছেন, বাংলাদেশে এসে কিছু তরুণকে তিনি ‘জিহাদে’ যেতে উদ্বুদ্ধ করেছেন বলে প্রমাণ মিলেছে। তবে তিনি নিজে আইএসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। এখন তাঁর বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ পুলিশের কাছে জানতে চাওয়া হবে। ওই কর্মকর্তারা জানান, এর মধ্যেই যুক্তরাজ্য দূতাবাস থেকে তাঁর বিষয়ে কনস্যুলার সুবিধা চাওয়া হয়েছে। এ সুবিধার আওতায় আটক বিদেিশ নাগরিককে তাঁর দেশের দূতাবাস আইনি সহায়তা দিতে পারে।
গত রোববার রাজধানীর কমলাপুর থেকে সামিয়ুনকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করে ডিবি। এরপর তিন দিন জিজ্ঞাসাবাদ শেষে গতকাল তাঁকে আদালতে নেওয়া হয়।
গত দুই সপ্তাহে ডিবি পৃথক অভিযানে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে নয় তরুণকে গ্রেপ্তার করে। এঁদের মধ্যে তিনজন আনসারউল্লাহ বাংলা টিম ও ছয়জন জেএমবির সদস্য বলে ডিবি দাবি করেছে।
ডিবির আরেক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মরক্কো, মৌরিতানিয়া ও সিরিয়া ঘুরে গত ২৫ ফেব্রুয়ারি সরাসরি তুরস্ক থেকে বাংলাদেশে আসেন সামিয়ুন। এ ভ্রমণের টাকা কে জুগিয়েছে, সে বিষয়েও তিনি কোনো তথ্য দেননি। শুধু বলেছেন, তিনি চার-পাঁচ হাজার পাউন্ড নিয়ে যুক্তরাজ্য থেকে বের হয়েছিলেন। মৌরিতানিয়ায় তিনি আতর বিক্রি করেছেন। বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে তাঁর হিসাবে চার-পাঁচ লাখ টাকা রয়েছে। বাংলাদেশে আসার পর হবিগঞ্জের নবীগঞ্জে বেশি সময় কাটান তিনি। নবীগঞ্জে তাঁর স্বজনদের বাসায় গিয়ে খেতেন।
ডিবির অতিরিক্ত কমিশনার সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সামিয়ুন বাংলাদেশের কয়েকজন তরুণকে ‘জিহাদে’ যেতে উদ্বুদ্ধ করেছেন। তাঁদের নিয়ে তাবলিগের বেশে জিহাদে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।