চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হারুন ইজাহারকে এক মামলায় জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার দুপুরে মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিস্ফোরক মামলায় তাঁকে পাঁচ দিন ধরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। রিমান্ড মঞ্জুর হওয়া অ্যাসিড মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে ঈদের পরে কারাগার থেকে থানায় আনা হবে বলে জানান তদন্ত কর্মকর্তা।
মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন বলেন, ‘পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ শেষে হারুন ইজাহারকে আদালতে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠান আদালত। অ্যাসিড মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে ঈদের পরে আনা হবে।’
আসামি হারুন ইজাহার ঘটনার স্বীকারোক্তি দিয়ে আদালতে কোনো জবানবন্দি দিয়েছেন কি না জানতে চাইলে বলেন, ‘জবানবন্দি তো দূরের কথা, ঘটনার বিষয়ে কোনো তথ্য দিতে গড়িমসি করছেন তিনি।’
৭ অক্টোবর নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় হাবিব, জোবায়ের ও নুরনবী নামের তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে পৃথক তিনটি মামলা করে পুলিশ খুলশী থানায়। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ আইপিএসের চার্জার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে দাবি করলেও পুলিশ চারটি তাজা হাতবোমা উদ্ধার করে।