ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ যুবককে অপহরণের ঘটনায় সহযোগিতা করার কথা স্বীকার করেছেন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া প্রধান আসামি সৈয়দ মাসুম ওরফে নীরব (২২)। তবে তিনি দাবি করেছেন, অপহরণকারীরা তাঁকে ওই যুবকদের ফোন করে ডেকে আনতে বাধ্য করে। গোয়েন্দা পুলিশ গত রোববার সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুর এলাকার বাদামতলী সড়কের একটি ছাত্রাবাস থেকে নীরবকে গ্রেপ্তার করে। পরে ওই রাতেই তাঁকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে ভাঙ্গা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।জিজ্ঞাসাবাদের সময় নীরব দাবি করেছেন, ৬ ডিসেম্বর অপহরণকারীরা আগে তাঁকে অপহরণ করে। পরে ভাঙ্গার ওই পাঁচ যুবককে ফোন করে ডেকে আনতে তাঁকে বাধ্য করা হয়। এরপর তাঁকে ঢাকার নবীনগর এলাকায় নামিয়ে দিয়ে অপহরণকারীরা অন্যদের নিয়ে চলে যায়। নীরব পুলিশকে বলেছেন, অপহূত ওই পাঁচ যুবক বর্তমানে কোথায় আছে বা কী অবস্থায় আছে, তার কিছুই তিনি জানেন না।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির প্রথম আলোকে জানান, নীরবকে আজ মঙ্গলবার সাত দিনের রিমান্ড চেয়ে জেলার মুখ্য বিচারিক আদালতে সোপর্দ করা হবে।এদিকে গত রোববার দুপুরে ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী ও গোয়ালচামট এলাকা থেকে গ্রেপ্তার হওয়া নীরবের ফুপাতো বোনের স্বামী জাহাঙ্গীর হোসেন (৪২) ও সৎমামা সাবেক পৌর কমিশনার (সাবেক এক নম্বর ওয়ার্ড) চৌধুরী এমদাদ আলী সিদ্দিকীকে (৪৮) গতকাল সোমবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ৬ ডিসেম্বর নীরব মুঠোফোনে ডেকে নিয়ে ভাঙ্গার কালামৃধা ইউনিয়নের আটরাভাষরা গ্রামের ওই পাঁচ যুবককে অপহরণে সহায়তা করেন। তাঁরা হলেন: সোবহান খান (১৯), রুবেল খান (২৩), বেলায়েত খান (২৩), ফয়েজ হাওলাদার (২৩) ও কাইয়ুম মুন্সি (৩২)। ৮ ডিসেম্বর এ ব্যাপারে নীরবকে প্রধান আসামি করে ভাঙ্গা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন অপহরণের শিকার সোবহানের বাবা আনোয়ার খান।