ইডেন কলেজের শিক্ষার্থীকে নিক্ষেপ করা অ্যাসিড বিক্রির ঘটনায় গ্রেপ্তার হওয়া কিশোরগঞ্জের ভৈরবের ব্যাটারি কারখানার মালিক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, অ্যাসিড কারও গায়ে ছোড়া হবে তা জানতেন না; ক্রেতা মনির উদ্দিনকে তিনি চিনতেনও না।বিয়েতে রাজি না হওয়ায় মনির গত ১৫ জানুয়ারি ঢাকার চানখাঁরপুলের কাজি অফিসের সামনে ওই ছাত্রীর গায়ে অ্যাসিড ছুড়ে মারেন ও ছুরিকাঘাত করেন। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ গত ২৪ জানুয়ারি রাঙামাটি থেকে অ্যাসিড নিক্ষেপকারী মনিরকে গ্রেপ্তার করে। রিমান্ডে মনির কোথা থেকে অ্যাসিড কেনা হয় সে বিষয়ে তথ্য দেন। পরে ভৈরবে অভিযান চালিয়ে গত রোববার ব্যাটারি তৈরি কারখানার রাশেদ সাউন্ড সিস্টেমের মালিক রাশেদ আহমেদকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাঁকে ঢাকায় নেওয়া হয়। গতকাল সোমবার সকালে গোয়েন্দা পুলিশ হেফাজতে তাঁর জিজ্ঞাসাবাদ শুরু হয়।গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে রাশেদ জানিয়েছেন, তিনি আগে কোনো দিন মনিরকে দেখেননি। ইডেনছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনার কয়েক দিন আগে তিনি তাঁর দোকানে আসেন। মনির অ্যাসিড কিনতে চাইলে প্রথমে তিনি বিক্রি করতে রাজি হননি। পরে তাঁর পীড়াপীড়িতে রাজি হন।জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের ওসি তপন চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, রাশেদ সাউন্ড সিস্টেমের অ্যাসিড বিক্রির কোনো অনুমতি নেই। এ ছাড়া তিনি অপরিচিত ব্যক্তির কাছে অ্যাসিড বিক্রি করেছেন। ফলে তিনি একই সঙ্গে দুটি অপরাধ করেছেন। তাঁদের আশা, রাশেদের স্বীকারোক্তি মামলাটি দ্রুত এগিয়ে নিতে সাহায্য করবে।