জিজ্ঞাসাবাদে কিছুই বলেননি উইনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী মো. আতিফ শেখ খুনের মামলায় তাঁর স্বদেশি আরেক সহপাঠী মাইসনাম উইনসন সিংকে রিমান্ডে নিয়ে কোনো তথ্য পায়নি পুলিশ।

দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদেও তিনি ঘটনার বিষয়ে কিছু মনে নেই বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তাকে। তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে উইনসন বলেছেন, ঘটনার সময়কার কথা তাঁর কিছুই মনে নেই। অনেক চেষ্টা করেও তাঁর কাছ থেকে অন্য কোনো তথ্য পাওয়া যায়নি। প্রথম দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদেও তিনি কোনো তথ্য দেননি।

গত ১৪ জুলাই রাতে নগরের আবদুল হামিদ সড়কের লেকভিউ সোসাইটির একটি আবাসিক ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে ছুরিকাঘাতে খুন করা হয় আতিফকে। ওই কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাইসনাম উইনসন সিংকে উদ্ধার করা হয়। তাঁরা দুজনই ইউএসটিসির এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র। আতিফ খুন হওয়ার চার দিন পর ১৮ জুলাই তাঁর বাবা আবদুল খালেক বাদী হয়ে নগরের আকবর শাহ থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। আসামিদের মধ্যে ছয়জন ভারতীয়, দুজন বাংলাদেশি।

এদিকে গত ২৭ জুলাই আতিফের আরেক সহপাঠী গুরঙ্গ নিরাজ আদালতে জবানবন্দি দিলেও ঘটনার বিষয়ে কিছুই বলেননি।