জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকার শাহজাহানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যায় জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামি মো. শাহজাহান। এ ছাড়া তিনি মামলার জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্যও দিয়েছেন বলে দাবি করেছে পুলিশ। তবে কী সেই তথ্য তা তদন্তের স্বার্থে বলতে চায়নি পুলিশ।  

মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান গতকাল বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে শাহজাহান এই হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

গত সোমবার থেকে শাহজাহানকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করে নগর গোয়েন্দা পুলিশ। এর আগেও তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। 

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, মাহমুদা হত্যা মামলায় দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে আসামি শাহজাহানকে গতকাল কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় মাহমুদা খানম খুন হন। এ ঘটনায় তাঁর স্বামী বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি ওয়াসিম ও আনোয়ার ২৬ জুন আদালতে জবানবন্দি দেন। এতে তাঁরা উল্লেখ করেন হত্যাকাণ্ডে ওয়াসিম, আনোয়ার, মো. রাশেদ, নবী, মো. শাহজাহান, কামরুল সিকদার ওরফে মুছা ও মো. কালু অংশ নেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে ছিলেন ওয়াসিম, মুছা ও নবী।