জিজ্ঞাসাবাদে তথ্য, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ফারুককে খুন করা হয়
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছাত্রলীগ নেতা এ বি এম ফারুককে হত্যা করা হয়। গত রোববার হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হওয়া এনায়েত হোসেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদে এ কথা জানায়। এনায়েত ছাড়াও ডিবি পুলিশ ঢাকার মানিকদী থেকে শাকুর ও গাজীপুরের পুবাইল এলাকা থেকে আবু তালেবকেও গ্রেপ্তার করে। তাদের আদালতে পাঠিয়ে সোমবার পাঁচ দিনের রিমাণ্ডে আনা হয়। মামলার তদারকি কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রিমাণ্ডে জিজ্ঞাসাবাদে এনায়েত হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে। সে জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী ফারুককে গুলি করে হত্যা করা হয়। সে ও মাদক ব্যবসায়ী আবু তালেব হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী বাসা থেকে মোবাইল ফোনে ফারুককে ডেকে আনে মানিকদীর আদর্শ বিদ্যানিকেতনের মাঠে। সময়ক্ষেপণ করানোর জন্য ফারুককে বিয়ার পান করানো হয়। কিছুক্ষণ পর আরও দুই সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে মাঠে আসে। ফারুককে প্রথম গুলি করে শাকুর। পরে আগ্নেয়াস্ত্রধারী দুই যুবক ফারুককে এলোপাতাড়ি গুলি করে। হত্যায় অংশ নেওয়া সবাই স্কুলের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। এনায়েত জানায়, আগে ফারুক মাদক সেবন করলেও সম্প্রতি তিনি একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে চিকিত্সা নেওয়ার পর ওই পথ থেকে ফিরে আসেন। এরপর তিনি মাদকবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নিলে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এলাকার প্রভাবশালী ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাঁকে হত্যার পরিকল্পনা করে। তালেব ও শাকুর জানায়, মাদক সেবনের সূত্র ধরে তাদের পরিচয়। ডিবি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে অংশ নেওয়া লোকের সংখ্যা ছয়জন বলে মনে হলেও তদন্তে এর সংখ্যা বাড়তে পারে বলে তিনি মনে করেন। গত শুক্রবার রাতে মানিকদীর আদর্শ বিদ্যানিকেতনের মাঠে সন্ত্রাসীরা ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি এ বি এম ফারুককে গুলি করে হত্যা করে।