ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। তাঁরা হলেন উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মনোরঞ্জন দেবনাথ (৪০) ও একই ইউপির আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমানের ব্যক্তিগত সহকারী উত্তম কুমার দাস (২৫)।
মনোরঞ্জন নাসিরনগরের পূর্বভাগ ইউনিয়নের নাথপাড়া গ্রামের নরোত্তম দেবনাথের ছেলে। আর উত্তম হরিপুর গ্রামের প্রফুল্ল দাসের ছেলে। গত রোববার রাতে মনোরঞ্জনকে হরিপুর ও উত্তমকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের আনন্দবাজার এলাকা থেকে আটক করা হয়।
ওই দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি আবু জাফর প্রথম আলোকে বলেন, গত বছরের ৩০ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় চেয়ারম্যান আতিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আছে। তিনি পলাতক। চেয়ারম্যানের অবস্থান জানতে তাঁর সহকারীসহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে তাঁরা থানাহাজতে রয়েছেন।
মনোরঞ্জনের বড় ভাই দীনেশ দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘আমরা শান্তিপ্রিয় মানুষ। আমার ভাই কোনোভাবেই এসব ঘটনার সঙ্গে জড়িত নয়।’
ফেসবুকে ধর্ম অবমাননাকর ছবি পোস্ট করাকে কেন্দ্র করে ৩০ অক্টোবর নাসিরনগরে প্রায় ১৫টি মন্দির ও শতাধিক বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। পরে পুলিশি নিরাপত্তার মধ্যেই আরও চার দফায় হামলা হয়। এসব ঘটনায় নাসিরনগর থানায় দায়ের হওয়া আট মামলায় এখন পর্যন্ত ১০৪ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রসরাজের জামিন নিয়ে শুনানি আজ
ধর্ম অবমাননাকর ছবি পোস্টের অভিযোগে গ্রেপ্তার রসরাজ দাসের জামিনের ব্যাপারে আদালতে আজ মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, রসরাজের বিরুদ্ধে হওয়া মামলায় জব্দকৃত কম্পিউটার ও মুঠোফোনের ফরেনসিক প্রতিবেদন মাস খানেক আগে আদালতে জমা দেওয়া হয়। রসরাজের মুঠোফোন থেকে ওই ছবি পোস্ট করা হয়নি বলে একই সময় দাখিল করা আরেক প্রতিবেদনে উল্লেখ করা হয়।