জিজ্ঞাসাবাদের জন্য আটক ছয়জন, কারণ স্পষ্ট হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় খ্রিষ্টান দম্পতিকে মারধর করে অচেতন অবস্থায় ফেলে রেখে যাওয়ার ঘটনার কারণ স্পষ্ট হয়নি। এ ব্যাপারে গতকাল শুক্রবার পর্যন্ত মামলা না হলেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ছয়জনকে আটক করেছে।
গত বুধবার রাতে দুর্বৃত্তরা বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকায় সাবেক স্কুলশিক্ষক গ্যাব্রিয়েল কস্তা ও তাঁর স্ত্রী বীণা পিরিসের ঘরে ঢুকে তাঁদের পিটিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। বৃহস্পতিবার রাত আটটার দিকে তাঁদের চেতনা ফিরে আসে। বর্তমানে তাঁরা বনপাড়ার পাটোয়ারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বড়াইগ্রাম থানার পুলিশ, খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের সঙ্গে গতকাল কথা বলে ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ধারণা করছে, এটি ডাকাতির ঘটনা। তবে তারা নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
আহত গ্যাব্রিয়েল কস্তা ও তাঁর স্ত্রী বীণা পিরিস অস্পষ্ট করে কিছু কথা বলতে পারলেও স্বাভাবিক হননি। হাসপাতালের চিকিৎসক সিদ্দিক পাটোয়ারী বলেন, ‘আহত ব্যক্তিরা শরীরে ব্যথা অনুভব করছেন। এ ছাড়া দীর্ঘ সময় অচেতন থাকায় শারীরিকভাবে দুর্বল রয়েছেন। তাঁদের অনেকটা আতঙ্কগ্রস্ত মনে হচ্ছে।’
আহত দম্পতির মেয়ে নীলা কস্তা বলেন, ‘বাবা-মা শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে পারেননি। তাই তাঁদের থেকে ঘটনার ব্যাপারে বিস্তারিত কিছু জানতে পারিনি। তবে সবকিছু রহস্যজনক মনে হচ্ছে।’
বনপাড়া চার্চের ফাদার বিকাশ রিবেরু মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি রহস্যজনক বলে আমার কাছে মনে হয়েছে। শোবার ঘরে ঢুকে দুজন বয়োবৃদ্ধ মানুষের ওপর হামলা ও অচেতন করে ফেলে রেখে যাওয়ার ঘটনাটি স্বাভাবিক নয়।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন গতকাল সন্ধ্যা সাতটার দিকে জানান, ঘটনাটি নিয়ে কেউ লিখিত কোনো অভিযোগ থানায় জমা দেননি। তবে পরিবারটির সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এজাহার দেবে। বিষয়টি প্রক্রিয়াধীন। তিনি বলেন, পুলিশ নিজস্ব উদ্যোগে ঘটনার তদন্ত শুরু করেছে। রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন: বনপাড়া এলাকার রুবেল পাঠান, নাজমুল পাঠান, লিটন মিয়া, সরদারপাড়া এলাকার শাহজাহান মিয়া, কালিকাপুর এলাকার বাচ্চু কসাই ও ইউনুস কবিরাজ।