জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সংগ্রাম সম্পাদক
দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। গত সোমবার রাতে রমনা থানায় দায়ের হওয়া পুলিশের ওপর হামলা মামলায় গত মঙ্গলবার ভোরে আবুল আসাদকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক জাফর আলী বলেন, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য আবুল আসাদকে কারাগার থেকে ডিবিতে আনা হয়। রমনা থানায় পুলিশের ওপর হামলার মামলায় মঙ্গলবার তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। দুই দিন তিনি কারাগারে ছিলেন। থানায় স্থান সংকুলান না হওয়ায় ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।মুক্তি দাবি: গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ সভায় সাংবাদিক নেতারা আবুল আসাদকে রিমান্ডে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অবিলম্বে আসাদের মুক্তি দাবি করেন।