জিজ্ঞাসাবাদের জন্য বাবরকে ঢাকায় আনা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ ট্রাক অস্ত্র আটক মামলায় বিগত চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল রোববার ঢাকায় পাঠানো হয়েছে। এই মামলায় তাঁকে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে ১ নভেম্বর চট্টগ্রামে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার মো. আলতাব হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ রোববার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে বাবরকে ঢাকায় নিয়ে যায়। সিআইডি পুলিশের বিশেষ সুপার (এসএস) মোহাম্মদ মুসলিম বলেন, ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বাবরকে ঢাকায় পাঠানো হয়েছে। সিআইডি কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।গত ৩ অক্টোবর বাবরকে ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই দিন মামলার তদন্তকারী সংস্থা সিআইডি তাঁকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। ১৩ অক্টোবর ওই আবেদনের ওপর শুনানির দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণে তাঁকে সেদিন আদালতে হাজির করা যায়নি। পরে ২৯ অক্টোবর তাঁকে চট্টগ্রামে আনা হয়।তদন্ত সূত্র জানায়, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে।