জিজ্ঞাসাবাদের মুখে সময় চাইলেন মির্জা আব্বাস

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরের দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে সময় চাইলেন তৎকালীন গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস। বর্তমানে তিনি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক।
আজ রোববার বেলা দুইটা ৪০ মিনিটে তিনি রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হন। আধা ঘণ্টা পর তিনি সেখান থেকে বেরিয়ে যান।
এরপর দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা যতন কুমার রায় সাংবাদিকদের জানান, শারীরিক অসুস্থতা ও মামলা সম্পর্কে পর্যাপ্ত তথ্য জানা না থাকায় দুদকের কাছে সময় চেয়েছেন মির্জা আব্বাস। পরে তিনি আবারও জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে আসবেন।
যতন কুমার রায় আরও বলেন, মামলার অনুসন্ধানে পাওয়া বিভিন্ন তথ্যের নথিপত্র দেখেছেন মির্জা আব্বাস।
এর আগে এই মামলায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা যতন কুমার রায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।
এ দুজনকে দুদক কার্যালয়ে হাজির হতে গত ২২ সেপ্টেম্বর চিঠি পাঠানো হয়।
গত ৩ মার্চ শাহবাগ থানায় দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় আলমগীর কবির ২০০৬ সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতি নামে একটি সংগঠনকে নামমাত্র মূল্যে মিরপুরে সাত একর জমি বরাদ্দ দেওয়ার সুপারিশ করেন। প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বাজারমূল্যের চেয়ে কম দামে ওই জমি বরাদ্দ দিয়ে রাষ্ট্রের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি করেন।
মামলায় আরও অভিযোগ করা হয়, ঝিলমিল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে নকশা করা জমি বিনা কারণে বাতিল করে ঢাকা সাংবাদিক সমিতি লিমিটেডের অনুকূলে বরাদ্দ দেন আলমগীর কবির।
উল্লেখ্য, ওই সময় ঝিলমিল বহুমুখী সমবায় সমিতির সভাপতি ছিলেন বর্তমান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তাই তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।