জিডি করতে এসে লাশের সন্ধান
মোখলেছার রহমান (৪০) গত ৩০ জানুয়ারি সন্ধ্যার পর থেকেই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় গত শনিবার বিকেলে থানায় ডায়েরি করতে গিয়েছিলেন তাঁর ভাতিজা মামুন।থানায় এসে দেখেন তাঁর চাচার পরনের জামাকাপড়ের মতো কাপড়চোপড় পড়ে আছে থানার এক কোনায়। মামুন কাছে গিয়ে পোশাকগুলো হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। এর পরই পুলিশ জানতে পারে অজ্ঞাতনামা হিসেবে তাঁদের উদ্ধার করা লাশটি বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের মোখলেছার রহমানের (৪০)।পুলিশ লাশটি উপজেলার চরকল্যাণী গ্রামের সাহেববাড়ী নদীর ঘাট এলাকার একটি ভুট্টা খেত থেকে গত ৩১ জানুয়ারি উদ্ধার করে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন জানান, মোখলেছারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরিবার সূত্র জানায়, গত ৩০ জানুয়ারি বিকেল পাঁচটার দিকে মোখলেছার ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হন। এরপর শেরপুর শহরে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।