জিডি করতে তিন হাজার টাকা!
জিডি (সাধারণ ডায়েরি) করতে থানায় গিয়েছিলেন মো. সরোয়ার। সবকিছু শুনে থানার কর্তব্যরত কর্মকর্তা বললেন, ‘বড় কেস, তিন হাজার টাকা লাগবে।’ টাকার অঙ্ক শুনে হতবাক পেশায় প্রাইভেট কার-চালক সরোয়ার। গেলেন ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কাছে। সব শুনে তিনি জিডি লিখে ওই কর্মকর্তার সঙ্গেই যোগাযোগ করতে বললেন। ছুটলেন সেখানে। এবার চলল দর-কষাকষি। শেষ পর্যন্ত রফা হলো ২৫০ টাকায়।
যশোরের অভয়নগর থানায় গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সরোয়ার। তিনি অভয়নগর উপজেলার বগুড়াতলা গ্রামের বাসিন্দা।
ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রাইভেট কারের চালক হিসেবে কর্মরত সরোয়ার জানান, তাঁর কাতারপ্রবাসী বোন আম্বিয়া বেগমের পাসপোর্টটি ৩ অক্টোবর নওয়াপাড়া বাজারে যাওয়ার পথে তাঁর (সরোয়ার) কাছ থেকে হারিয়ে যায়। এ ঘটনায় জিডি করতে তিনি গতকাল সকালে অভয়নগর থানায় যান।
সরোয়ার অভিযোগ করেন, জিডির জন্য কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) শেখ ইলিয়াছ হোসেনের কাছে গেলে তিনি তিন হাজার টাকা দাবি করেন। এরপর তিনি (সরোয়ার) থানার ওসি আনিসুর রহমানের শরণাপন্ন হন। ওসি সবকিছু শুনে বিষয়টি কম্পিউটারে কম্পোজ করে এএসআই ইলিয়াছ হোসেনের কাছে যাওয়ার পরামর্শ দেন। সেই অনুযায়ী তিনি আবার ওই কর্মকর্তার কাছে যান। কিন্তু তিনি তিন হাজার টাকার দাবিতেই অনড় থাকেন। দর-কষাকষির একপর্যায়ে তা নেমে আসে দুই হাজার টাকায়। তবে শেষ পর্যন্ত ২৫০ টাকায় জিডি নিতে সম্মত হন তিনি।
সরোয়ার বলেন, ‘আমি সামান্য ড্রাইভার। এত টাকা দেব কোত্থেকে। টাকা দিতে পারব না বলে আমি ওসি সাহেবের কাছে গিয়েছি। থানার মধ্যে চিৎকার-চেঁচামেচি করেছি। তাতেও কোনো কাজ হয়নি। বহু অনুনয়-বিনয় করে পরে আমি ২৫০ টাকা দিয়ে জিডি (নম্বর ৩৫৭) করতে পেরেছি।’
তবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন এএসআই শেখ ইলিয়াছ হোসেন। তিনি বলেন, হারিয়ে যাওয়া একটি পাসপোর্টের জন্য ৩৫৭ নম্বর জিডি করা হয়েছে। তবে এই জিডির জন্য কোনো টাকা নেওয়া হয়নি।
অভয়নগর থানার ওসি আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি জানি না। কার জিডি, কিসের জিডি, তাও জানি না। ওনাকে আমার কাছে পাঠিয়ে দেন, আমি বিষয়টি দেখব।’