হত্যার হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। গতকাল শনিবার নগরের খুলশী ও হাটহাজারী থানায় উপাচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা এই জিডি করেন।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীসহ পাঁচজন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়। গত বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ডাকযোগে এ চিঠিটি পাঠানো হয়। তবে বিষয়টি জানাজানি হয় পরদিন বৃহস্পতিবার।
অধ্যাপক কামরুল হুদা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘উপাচার্যের বাসস্থান হিসেবে খুলশী থানায় সকালে এবং কর্মস্থল হিসেবে হাটহাজারী থানায় দুপুরে এই জিডি করেছি। চিঠিতে হত্যার হুমকি পাওয়ার ঘটনায় এই জিডি করা হয়েছে।’
জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, হত্যার হুমকি পাওয়ার ঘটনায় উপাচার্যের পক্ষে সাধারণ ডায়েরি করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।