জিডি করে নিজেই হলেন তদন্ত কর্মকর্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর অপরাধ, তিনি একটি হত্যা মামলার বাদী৷ আসামিরা তাঁকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেন৷ বাদী যান পুলিশের কাছে সাধারণ ডায়েরি (জিডি) করতে৷ কিন্তু জিডি গ্রহণ না করে উল্টো বাদীর হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)৷
এ ঘটনায় ওসির বিরুদ্ধে শাস্তি হওয়ার কথা ছিল৷ তা হয়নি৷ উল্টো ওই বাদীর বিরুদ্ধে উগ্র আচরণের অভিযোগে মামলা করেছেন থানার এক উপপরিদর্শক (এসআই)৷ নিজের মামলার তদন্তও করেছেন তিনি৷ ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলায়৷ ঘটনার শিকার ব্যক্তির নাম জাকির হোসেন৷ তাঁর বাড়ি উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে৷ পুলিশ ও হত্যা মামলার আসামিদের ভয়ে তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন৷
জাকির হোসেন অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্ট চাঁদা না দেওয়ায় রাজনগর গ্রামীণফোন টাওয়ার এলাকায় তাঁর ভগ্নিপতি মো. মনিরকে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করে৷ ওই ঘটনায় তিনি ১৮ জনের বিরুদ্ধে বাউফল থানায় হত্যা মামলা করেন৷ পরে আসািম লিমন ও মিলন তাঁর বাড়িতে গিয়ে মামলা প্রত্যাহার না করলে মেরে ফেলার হুমকি দেন৷ এ ঘটনায় জিডি করতে গত ১ মার্চ িতনি বাউফল থানায় যান৷ এ সময় থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার আসামিদের পক্ষ নিয়ে তাঁর হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন৷ ওই সময় তাঁকে মারার জন্য ছাত্রলীগ ও যুবলীগের সাত-আটজন কর্মী ধাওয়া দেন৷ তিনি দৌড়ে পালিয়ে রক্ষা পান৷
এ নিয়ে ২ মার্চ প্রথম আলোয় ‘হত্যা মামলার বাদীকে হুমকি দিলেন ওসি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷
নাম প্রকাশ না করার শর্তে বাউফল থানার কয়েকজন পুলিশ সদস্য জানান, ওই ঘটনা তদন্তের জন্য পুলিশের প্রধান কার্যালয় থেকে পটুয়াখালী পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু ওসি নিজেকে নির্দোষ প্রমাণ করতে থানার এসআই হুমায়ুন কবিরকে দিয়ে জাকিরের বিরুদ্ধে উগ্র আচরণের অভিযোগ এনে একটি জিডি করান৷ হুমায়ুন নিজেই জিডির তদন্ত করে ২ এপ্রিল আদালতে জাকিরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেন৷ এতে ছাত্রলীগের তিন নেতা ও এক পুলিশ সদস্যকে সাক্ষী করা হয়েছে৷
জাকির হোসেন বলেন, ‘পুলিশ আমার ভগ্নিপতির হত্যাকারীদের পক্ষ নিয়ে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে৷ আমি পালিয়ে বেড়াচ্ছি আর আমার মামলার আসািমরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে৷ ওসি যাদের দিয়ে আমাকে ধাওয়া দিয়েছে, তাদেরই আবার আমার বিরুদ্ধে সাক্ষী করা হয়েছে৷’
অভিযোগের ব্যাপারে ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, ‘ওই দিন (১ মার্চ) আমি থানায় ছিলাম না৷ আমার অনুপস্থিতিতে থানায় এসে জাকির উগ্র অাচরণ করেছেন৷ এ কারণে হুমায়ুন কবির জিডি করেছেন৷ পরে তিনিই তদন্ত করে আদালতে প্রতিবেদন দিয়েছেন৷ এর পরিপ্রেক্ষিতে মামলা রুজু হয়েছে৷’
বাদী নিজে তদন্ত কর্মকর্তা হতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে ওসি দাবি করেন, এতে কোনো সমস্যা নেই৷ হুমায়ুন কবিরও একই কথা বলেন৷