জিডি করেও রক্ষা পেলেন না দুলালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশঙ্কা ছিল তালাকপ্রাপ্ত স্বামী তাঁর ক্ষতি করতে পারেন। এ কারণে স্বামীকে তালাক দিয়েই আশঙ্কার কথা জানিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি তাঁর। স্বামীকে তালাক ও জিডি করার ১০ দিনের মাথায় প্রাণ গেল তাঁর।
নিহত গৃহবধূর নাম সুলতানা খাতুন ওরফে দুলালী (২৫)। শনিবার রাত সাড়ে নয়টার দিকে খুলনা নগরের মুন্সিপাড়া দ্বিতীয় গলির মধ্যে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়। দুলালী মুন্সিপাড়ার পাশের নতুন বাজার এলাকার আবদুর রাজ্জাকের মেয়ে। দুলালীর সাবেক স্বামী নূরুল হক এ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। দুলালীর মা রাহেলা বেগম বলেন, দুলালীর সঙ্গে নূরুল হকের বিয়ে হয় প্রায় দুই মাস আগে। এর সাত বছর আগে দুলালীর বিয়ে হয় রূপসা উপজেলার কাজীবাছা গ্রামে। সেখানে দুই বছর সংসার করার পর তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ির সময় দুলালী অন্তঃসত্ত্বা ছিলেন।
রাহেলা বেগম আরও বলেন, ছাড়াছাড়ি হওয়ার পর মায়ের ঘরেই কন্যাসন্তানের জন্ম হয় দুলালীর। মেয়ের নাম রাখেন জান্নাতী। এরপর গত পাঁচ বছর মেয়েকে নিয়ে মায়ের সংসারেই ছিলেন তিনি। দুই মাস আগে নূরুল হকের (৪৮) সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পরে দুলালীর সঙ্গে স্বামীর ঝগড়া লেগেই থাকত। এ কারণে ১৮ জানুয়ারি স্বামীকে তালাক দেন দুলালী। তাঁর জীবনের জন্য হুমকি মনে করে ওই দিনই খুলনা সদর থানায় জিডি করেন তিনি। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার আগে ১৫ জানুয়ারি মুন্সিপাড়ায় আলাদা বাসা নেন দুলালী।
জানা গেছে, মুন্সিপাড়া দ্বিতীয় গলির ২৬/৩ নম্বর বাসায় মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন দুলালী। আর কাজ করতেন একটি বুটিক হাউসে। শনিবার রাতে মেয়েকে নিয়ে বাসায় ফেরার পথে গলির মুখেই তাঁকে ছুরিকাঘাত করা হয়।
যেখানে দুলালীকে ছুরিকাঘাত করা হয়, ওই এলাকার বীথি সরকার নামের এক ব্যক্তি বলেন, রাত সাড়ে নয়টার দিকে চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখেন দুলালী মাটিতে পড়ে আছেন। পাশেই দাঁড়িয়ে আছে তাঁর মেয়ে। অন্য পাশে রক্তমাখা ছুরিটি পড়ে আছে। এলাকাবাসী দুলালীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিহতের ছোট ভাই শাহবুদ্দিন বাদী হয়ে নূরুল হকের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।