৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার বাধ্যবাধকতা থাকলেও লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নে তিস্তা নদীর বাম তীর সংরক্ষণ বাঁধ প্রকল্প এলাকার অবৈধ বাড়িঘরগুলো গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সরানো হয়নি। ৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ না হলে বরাদ্দকৃত টাকা ফেরত যাওয়ার আশঙ্কা রয়েছে।
প্রকল্পের ৬ নম্বর প্যাকেজের ৫৫০ মিটার কাজের জন্য সাড়ে ছয় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৮০ মিটার এলাকায় অবৈধভাবে ঘর তুলে কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এ ব্যাপারে ১৭ জুন প্রথম আলোয় ‘তিস্তার তীর সংরক্ষণ কাজে বাধা, বরাদ্দ ফেরত যাওয়ার আশঙ্কা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। ১৮ জুন জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয়ে শাখা কর্মকর্তা এ রব্বানী লালমনিরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ১৪ জুন লালমনিরহাট-৩ আসনের সাংসদ ও বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবন্ধকতা অপসারণের নির্দেশ দিয়েছিলেন।