জিডিপি ও মাথাপিছু আয় বাড়ায় খুশি প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদন (জিডিপি) ৬ দশমিক ১২ শতাংশ এবং দেশের মাথাপিছু আয় বেড়ে এক হাজার ১৯০ মার্কিন ডলার হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে শেখ হাসিনা এসব কথা বলেন। দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করার পরে প্রধানমন্ত্রী এই প্রথমবারের মতো এ মন্ত্রণালয়ে গেলেন।

ইউএনবির এক খবরে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মোট দেশজ উত্পাদন ৬ দশমিক ১২ শতাংশে পৌঁছেছে। আমি সব সময়ই আত্মবিশ্বাসী ও আশাবাদী যে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে পারবে।’

শেখ হাসিনা আরও বলেন, অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার সন্তোষজনক। সবার চেষ্টায় অর্থনৈতিক সাফল্য আসছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী অর্থনৈতিক সাফল্য অর্জনের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, কারও কাছে হাত না পেতে বাংলাদেশ নিজ পায়ে দাঁড়াতে পারবে। তিনি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করবেন বলে আশা প্রকাশ করেন।  দেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানান তিনি।

বৈঠকে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এবং ভারপ্রাপ্ত সচিব সেলিনা আফরোজা উপস্থিতি ছিলেন।