জিডিপি প্রবৃদ্ধি এবার ৭ শতাংশের বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিডিপি ৭ শতাংশ অতিক্রম করায় গতকাল রাজধানীর আগারগাঁওয়ে এনইসি মিলনায়তনে একনেকের সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (সর্ব ডানে) l ছবি: বাসস
জিডিপি ৭ শতাংশ অতিক্রম করায় গতকাল রাজধানীর আগারগাঁওয়ে এনইসি মিলনায়তনে একনেকের সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (সর্ব ডানে) l ছবি: বাসস

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে। চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৫ শতাংশ হবে বলে সাময়িক হিসাব দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএস বলছে, এবারই দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবৃদ্ধি ৭ শতাংশের ঘরে যাবে। আর মাথাপিছু আয় হবে ১ হাজার ৪৬৬ মার্কিন ডলার। এখন তা ১ হাজার ৩১৬ ডলার।
অনেকটা তাড়াহুড়া করেই প্রবৃদ্ধির সম্ভাব্য এই হিসাবটি প্রকাশ করল বিবিএস। অন্যান্য বছর ৯ মাসের (জুলাই-মার্চ) পূর্ণাঙ্গ হিসাব পেয়ে তবেই জিডিপির প্রাক্কলন করা হয়। সব হিসাব পাওয়া যায় এপ্রিলের শেষের দিকে। কিন্তু এবার দ্রুতই হিসাবটি দেওয়া হলো। মূলত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির ওপর ভর করেই এই প্রবৃদ্ধি হিসাব করা হয়েছে। আবার প্রবৃদ্ধি বাড়লেও কমেছে বেসরকারি বিনিয়োগের হার।
গতকাল মঙ্গলবার বিবিএস এ সাময়িক হিসাব প্রকাশ করেছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য সাংবাদিকদের জানান। এর আগে এনইসি সভার শুরুতেই ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ খবর দেন পরিকল্পনামন্ত্রী।
তবে জিডিপি প্রবৃদ্ধির বিবিএসের এ প্রাক্কলনের সঙ্গে একমত নন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি গত রাতে প্রথম আলোকে বলেন, ‘বিবিএসের এ হিসাব গ্রহণযোগ্য নয়। ক্রমবর্ধমান মূলধন-উৎপাদন অনুপাত (আইসিওআর) পদ্ধতিতে কত বিনিয়োগ করলে কী হারে প্রবৃদ্ধি হবে তা নির্ণয় করা যায়। গত কয়েক বছরের বিনিয়োগের বিপরীতে উৎপাদনপ্রবণতা ধরলে জিডিপি প্রবৃদ্ধি এবার ৬ দশমিক ৭৪ শতাংশের বেশি হওয়ার কথা নয়। এ ছাড়া বেসরকারি বিনিয়োগেও শ্লথগতি রয়েছে।’ তাঁর মতে, একমাত্র রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ছাড়া মূলধনি যন্ত্রপাতি আমদানি, প্রবাসী-আয়সহ প্রায় সব খাতই স্থবির। তাই বিবিএসের এ হিসাব গ্রহণযোগ্য নয়।
তবে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এত দিন অভিযোগ ছিল, প্রবৃদ্ধি ৬ শতাংশের ঘরে আটকে আছে। আজ সেই শৃঙ্খলমুক্ত হলাম। রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, তাই অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক গতিতে চলছে। প্রবৃদ্ধি অর্জনের প্রাণশক্তি হলো এ দেশের মানুষ।’ তিনি জানান, মার্চ মাস পর্যন্ত খাতওয়ারি যে হালনাগাদ তথ্য-উপাত্ত পাওয়া গেছে, এর ওপর ভিত্তি করেই জিডিপি প্রবৃদ্ধির এ প্রাক্কলন করা হয়েছে। যেসব খাতের হালনাগাদ তথ্য পাওয়া যায়নি, সেসব খাতে গতবারের প্রবণতা ধরেই হিসাব করা হয়েছে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, এ প্রবৃদ্ধি হয়েছে মূলত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির কারণে। বেতনের ভিত্তিতেই শিক্ষা-স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের উৎপাদনশীলতা গণনা করা হয়। তবে প্রশ্ন হলো এ প্রবৃদ্ধি টিকবে কি না। কেননা প্রতিবছর এমনভাবে বেতন বাড়বে না। উৎপাদনক্ষমতা বৃদ্ধি না পেলে এ ৭ শতাংশ প্রবৃদ্ধি টিকবে কীভাবে? উৎপাদনক্ষমতা বাড়াতে বিনিয়োগ দরকার। কিন্তু বিবিএসের পরিসংখ্যান বলছে, বিনিয়োগে স্থবিরতা কাটছে না। তাই আত্মতুষ্টির কারণ নেই।
বিবিএস সূত্রে জানা গেছে, প্রতি অর্থবছরের শেষের দিকে সর্বশেষ হালনাগাদ তথ্য নিয়েই জিডিপির সাময়িক প্রাক্কলন করা হয়। প্রাক্কলন অনুযায়ী, চলতি অর্থবছরে শিল্প ও সেবা খাতে আগের চেয়ে প্রবৃদ্ধি বাড়লেও কৃষি খাতে কমবে। এ বছর কৃষি খাতে ২ দশমিক ৬ হবে। গতবার এ খাতে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে শিল্প খাতে প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে গিয়ে ১০ দশমিক ১০ শতাংশ হবে। গতবার এ খাতে প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৬৭ শতাংশ। জিডিপির ৫৩ শতাংশের বেশি আসে সেবা খাত থেকে। এ খাতে এবার প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭০ শতাংশ, যা গতবারের চেয়ে দশমিক ৯০ শতাংশ বেশি।
বিবিএসের প্রাক্কলন অনুযায়ী, চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপির আকার দাঁড়াবে ৮ লাখ ৮৩ হাজার ৫৪ কোটি টাকা। আর চলতি মূল্যে এর পরিমাণ ১৭ লাখ ২৯ হাজার ৫৬৬ কোটি টাকা। এ বছর জিডিপিতে সরকারি-বেসরকারি বিনিয়োগের অংশও আগের চেয়ে বেড়ে ২৯ দশমিক ৩৮ শতাংশ হবে। তবে বেসরকারি বিনিয়োগের অংশ কিছুটা কমে ২১ দশমিক ৭৮ শতাংশ হবে। গত অর্থবছরে জিডিপিতে বেসরকারি বিনিয়োগের অংশ ছিল ২২ দশমিক শূন্য ৭ শতাংশ।