জিডিপিতে আবাসন খাতের অবদান বাড়ছে
দেশের অর্থনীতিতে নির্মাণ খাত, তথা আবাসন খাতের অবদান বাড়ছে। প্রতিবছরই নির্মাণ খাতের সম্প্রসারণ হচ্ছে। এর ফলে অর্থনীতি সম্প্রসারণে এ খাতের অংশ বাড়ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবমতে, ২০১৩-১৪ অর্থবছরে স্থিরমূল্যে নির্মাণ খাত থেকে ৫২ হাজার ৪৩৮ কোটি টাকার মূল্য সংযোজন হয়েছে, যা জিডিপির ৭ দশমিক শূন্য ৬ শতাংশ। গত অর্থবছরে জিডিপির আকার ছিল ৭ লাখ ৭৪ হাজার ৫৩৮ কোটি টাকা। এক বছরের ব্যবধানে নির্মাণ খাতের সম্প্রসারণ হয়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ। এক বছরের ব্যবধানে দেশের মোট উৎপাদনে খাতটি প্রায় চার হাজার কোটি টাকার মূল্য সংযোজন করেছে। ২০১২-১৩ অর্থবছরে এ খাতের অবদান ছিল ৪৮ হাজার ৩০৪ কোটি টাকা, যা জিডিপির প্রায় ৬ দশমিক ৯০ শতাংশের সমান।
বিবিএস প্রতিবছর জিডিপি গণনা করার সময় নির্মাণ খাতটি অন্যতম প্রধান খাত হিসেবে চিহ্নিত করে। তবে এ খাত শুধু আবাসন খাতকে বোঝায় না; অন্যান্য রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ পূর্তকাজও এর অংশ। বিবিএসের কর্মকর্তারা জানান, নির্মাণ খাতের প্রায় অর্ধেকই আসে আবাসন খাত থেকে।
জিডিপিতে নির্মাণ খাতের অবদান ক্রমেই বেড়েছে। সর্বশেষ পাঁচ বছরের ব্যবধানে জিডিপিতে এ খাতে মূল্য সংযোজন বেড়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। ২০০৯-১০ অর্থবছরে এ খাতের অবদান ছিল ৩৮ হাজার ৫৫৪ কোটি টাকা। সে অর্থবছের জিডিপিতে এ খাতের অবদান ছিল ৬ দশমিক ৬৫ শতাংশ। এরপর ক্রমেই এ খাতের মূল্য সংযোজন যেমন বেড়েছে, সেই সঙ্গে জিডিপিতে অবদানও স্ফীত হয়েছে। এ ছাড়া ২০১১-১২ অর্থবছরে ৪৪ হাজার ৭০৮ কোটি টাকা ও ২০১০-১১ অর্থবছরে ৪১ হাজার ২৩৫ কোটি টাকার মূল্য সংযোজন করেছে এ খাত।
জিডিপিতে নির্মাণ খাতের অবদানের দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বেশ সুসংহত। পার্শ্ববর্তী ভারতের নির্মাণ খাতটি বেশ চাঙা। এ খাতে সাড়ে তিন কোটি লোকের কর্মসংস্থান হয়েছে। সে দেশের জিডিপির গড়ে ৮-১০ শতাংশের মতো আসে নির্মাণ খাত থেকে। আর শ্রীলঙ্কায় গত এক দশকে (২০০৩-১৪) নির্মাণ খাতের অবদান গড়ে ৬ দশমিক ৫৯ শতাংশ। আর পাকিস্তানে নির্মাণ খাতের অবদান গড়ে ৪ দশমিক ৯২ শতাংশ। এটিও বিগত এক দশকের হিসাব।