জিডিপিতে কৃষির অবদান কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষির অবদান ধীরে ধীরে কমছে। বাড়ছে শিল্পের অবদান। গতকাল রোববার সংসদে প্রশ্নোত্তরপর্বে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।
ইসরাফিল আলমের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৩-১৪ অর্থবছরে জিডিপিতে কৃষির অবদান ছিল ১৬ দশমিক ৩৩ শতাংশ। এর আগে ২০০৯-১০ অর্থবছরে ছিল ১৮ দশমিক ৩৮, ২০১০-১১ অর্থবছরে ১৮ দশমিক ০১, ২০১১-১২ অর্থবছরে ১৭ দশমিক ৩৮ এবং ২০১২-১৩ অর্থবছরে ছিল ১৬ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে ২০১৩-১৪ অর্থবছরে জিডিপিতে শিল্পের অবদান ২৯ দশমিক ৬১ শতাংশ। ২০০৯-১০ অর্থবছরে এর হার ছিল ২৬ দশমিক ৭৮ শতাংশ। সেবা খাতের অবদানও কমে এসেছে।
মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে আবদুল মুহিত বলেন, ২০০৮ থেকে এখন পর্যন্ত শুল্ক বিভাগ ২ হাজার ৩৪৪ কেজি সোনা আটক করেছে। আটক করা সোনা বাংলাদেশ ব্যাংকে জমা আছে।
শিরীন আখতারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান বাজেট বিনিয়োগবান্ধব। এতে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়বে এবং ঋণের প্রয়োজন কমবে। বর্তমানে বিদেশি সহায়তা জাতীয় আয়ের ১ শতাংশ। ১৯৮৮ সালে তা ছিল ৭ শতাংশ।
হোসনে আরা লুৎফার প্রশ্নের জবাবে সংসদ কাজে টেলিযোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ২০১৪ সাল পর্যন্ত থ্রিজির গ্রাহক সংখ্যা ১ কোটি ১১ লাখ ৮৩ হাজার।
তাজুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১০টি পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) কোম্পানির কাছে সরকারের বকেয়া ৩১ কোটি ৮৭ লাখ টাকা। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কয়েকটির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
প্রশ্নোত্তরের আগে বিকেল সাড়ে চারটার দিকে স্পিকারের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।