জিডিপিতে স্বেচ্ছাসেবকদের অবদান প্রায় ১২ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ১৫ বছরের বেশি বয়সী মোট জনসংখ্যার ১৭ দশমিক ৫৫ শতাংশ অন্তত একবার হলেও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। মোট দেশীয় উ ৎ পাদনে (জিডিপি) স্বেচ্ছাসেবকদের অবদান ছিল ১ দশমিক ৭ শতাংশ, যা টাকার মূল্যে প্রায় ১২ হাজার কোটি টাকা।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত এক জরিপের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। দেশে স্বেচ্ছাসেবকদের অবস্থা জানতে প্রথমবারের মতো ২০০৯ সালের এপ্রিল থেকে গত বছরের মার্চ পর্যন্ত ‘ভলানটারিজম ইন বাংলাদেশ, ২০১০’ শীর্ষক এই জরিপ পরিচালিত হয়। এতে সহযোগিতা করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইউএন ভলানটেরিয়াস প্রোগ্রাম (ইউএনভি)।রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার বিবিএস এবং ইউএনডিপি ও ইউএনভি আয়োজিত কর্মশালায় জরিপের ফলাফল উপস্থাপন করেন বিবিএসের উপপরিচালক কবির উদ্দিন আহম্মেদ। কর্মশালায় সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম।কর্মশালায় বক্তারা স্বেচ্ছাসেবকদের কাজের জন্য নীতিমালা প্রণয়ন এবং একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির ওপর গুরুত্ব দেন। কর্মশালায় প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, দুর্যোগ, বন্যাসহ বিভিন্ন পরিস্থিতিতে এবং সংস্কৃতিগতভাবেই বাংলাদেশিদের মধ্যে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার প্রবণতা আছে। স্বেচ্ছাসেবকেরা দারিদ্র্য বিমোচনেও কার্যকর ভূমিকা পালন করে। স্বেচ্ছাসেবকদের জন্য একটি জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হলে দারিদ্র্য বিমোচনে সরকারের বিভিন্ন কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেন, ন্যাশনাল সার্ভিস প্রোগ্রামের মাধ্যমে যুব সমাজকে প্রশিক্ষণ ও খণ্ডকালীন কাজ দিয়ে ক্ষমতায়নের চেষ্টা চালাচ্ছে সরকার। প্রশিক্ষণ ও খণ্ডকালীন কাজ শেষে এই যুবসমাজ যাতে চাকরি পায়, সে জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।যুব অধিদপ্তরের মহাপরিচালক আজিজুর রহমান ‘ন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম টেকসই রাখতে জাতীয় স্বেচ্ছাসেবক এজেন্সি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে তিনি অবিলম্বে স্বেচ্ছাসেবক নীতি প্রণয়নসহ বিভিন্ন সুপারিশ করেন।ছয়টি বিভাগে প্রায় ৪৩ হাজার ৯৩৪টি বাড়িতে এই জরিপ চালানো হয়। জরিপের প্রশ্নপত্রে স্বেচ্ছাসেবক হিসেবে ব্যক্তি কী কী কাজ করেছেন, কতবার করেছেন, প্রতিষ্ঠানের হয়ে না ব্যক্তিগতভাবে করেছেন ইত্যাদি জানতে চাওয়া হয়।জরিপ অনুযায়ী, ওই সময়ে চট্টগ্রাম বাদে এই ছয় বিভাগে ১৫ বছরের বেশি বয়সী মোট জনসংখ্যা ছিল নয় কোটি ৪৫ লাখ ১৯ হাজার। এর মধ্যে স্বেচ্ছাসেবক ছিলেন এক কোটি ৬৫ লাখ ৮৬ হাজার। স্বেচ্ছাসেবক হিসেবে নারীদের সংখ্যা মাত্র ৮ দশমিক ৩৬ শতাংশ। বয়স অনুযায়ী ৪৫ থেকে ৫৯ বছর বয়সীরা বেশি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। ধর্মীয় কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ বেশি। পরিবারের সদস্যসংখ্যাও স্বেচ্ছাসেবকদের কাজে প্রভাব ফেলে। প্রতিষ্ঠানের না হয়ে ব্যক্তিগতভাবে কাজ করা স্বেচ্ছাসেবকদের সংখ্যা বেশি। বছরে এক বা দুবার এ ধরনের কাজ করা লোকের সংখ্যা বেশি। গ্রামীণ এলাকায় স্বেচ্ছাসেবক বেশি পাওয়া যায়।কর্মশালায় যুব মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নেয়াল ওয়াকার, ইউএনভি জার্মানির জ্যেষ্ঠ পোর্টফোলিও ম্যানেজার ইব্রাহিম হুসেন, বিবিএসের মহাপরিচালক মো. শাহজাহান আলী মোল্লা বক্তব্য দেন।