জিডির খবর সন্ত্রাসীকে দিলেন থানার এএসআই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিডি করে থানা থেকে বের হওয়ার আগেই সেই খবর জেনে গেছে সন্ত্রাসী। এরপর সেই সন্ত্রাসী মাকসুদা নামের ওই নারীর মুঠোফোনে হুমকি দিয়ে তাকে কাফনের কাপড় প্রস্তুত রাখতে বলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শাহ আলী থানার কর্তব্যরত কর্মকর্তা আবুল হোসেন সরকারি ফোন নম্বর ব্যবহার করে সন্ত্রাসী বিকাশের কাছে এ খবর পৌঁছে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাসীর হুমকির শিকার মাকসুদা বেগম প্রথম আলোকে বলেন, চার দিন ধরে চাঁদার জন্য অব্যাহত হুমকিতে দিশেহারা হয়ে তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর শাহ আলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ সময় কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল হোসেন থানার নম্বর থেকে জিডিতে (জিডি নম্বর ১৭৯৩, তারিখ ২৭/০৯/১১) উল্লেখ করা সন্ত্রাসী বিকাশের মুঠোফোনে যোগাযোগ করে এই জিডির তথ্য ফাঁস করে দেন। এ সময় তিনি আবুল হোসেনের সামনে ছিলেন। এরই মধ্যে তাঁর মুঠোফোনে বিকাশ নামে এক ব্যক্তি নিজেকে সন্ত্রাসী পরিচয় দিয়ে হুমকি দিয়ে বলে, ‘থানায় জিডি করেছেন, আপনার ছেলের স্কুলে আর যাওয়া হবে না। কাফনের কাপড় প্রস্তুত রাইখেন।’ মাকসুদা বলেন, পুলিশের সামনেই এ রকমের হুমকিতে তিনি দিশাহারা হয়ে পড়েছেন। এ সময় তিনি সন্ত্রাসীর সঙ্গে যোগাযোগের কারণ জানতে চাইলে এএসআই আবুল বলেন, ‘কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করার আগে তার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতে হয়।’মাকসুদা বলেন, ‘গত শনিবার থেকে বিকাশ ও মামুন নামের দুই ব্যক্তি নিজেদের সন্ত্রাসী পরিচয় দিয়ে তিন লাখ টাকা চাঁদার জন্য অন্তত ২০ বার হুমকি দিয়েছে। এ ঘটনার পর দুই ছেলের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েও নিরাপত্তা পাচ্ছিলাম না। উপায়ান্তর না দেখে থানায় ছুটে গিয়েছিলাম।’ মাকসুদা বলেন, পুলিশের কাছে প্রতিকার চাইতে গিয়ে উল্টো এখন নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী প্রবাসী। এখন আমার সন্তানদের নিরাপত্তা চাইব কার কাছে। আমার দুটি সন্তানকে কে বাঁচাবে।’