ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ষষ্ঠ শ্রেণীর ছাত্র মিলন হোসেন (১২) নিখোঁজ হয় গত বৃহস্পতিবার। এ ঘটনায় ওই দিনই তার বাবা ফজলু মোল্লা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিন দিন পর গতকাল সোমবার এ ব্যাপারে জানতে চাইলে জিডির তদন্তকারী কর্মকর্তা আফজাল হোসাইন প্রথম আলোকে বললেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না।’ফজলু মোল্লা বলেন, তাঁর ছেলে মিলন বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের বাসা থেকে লক্ষ্মীবাজারের ঢাকা সরকারি মুসলিম হাইস্কুলের উদ্দেশে বের হয়। কিন্তু সে আর ফিরে আসেনি। আশপাশ ও আত্মীয়স্বজনের বাসায় খোঁজ নিয়েও তার কোনো হদিস মেলেনি। পরে ওই দিন রাত সাড়ে নয়টার দিকে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করেন। গতকাল সন্ধ্যা সাতটায় এ ব্যাপারে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘সম্ভবত, এসআই আফজাল এ ঘটনার তদন্ত করছে। এ ব্যাপারে আমার বিস্তারিত জানা নেই। তদন্ত কর্মকর্তা এ নিয়ে বেশ তৎপর আছে।’এরপর যোগাযোগ করা হলে জিডির তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আফজাল হোসাইন বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। খোঁজ নিয়ে জানাইতেছি।’ এক ঘণ্টা পর আবার যোগাযোগ করা হলে এসআই আফজাল বলেন, ‘জিডির কাগজটা বাইর করছি। সিস্টেমে বাচ্চাটারে খুঁজতে অইব।’বিষয়টি জানানো হলে ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘আমি বিষয়টি খতিয়ে দেখছি।’মিলনের বাবা ফজলু মোল্লা বলেন, নদীর ওই পারে স্কুল। তাই প্রতিদিন হেঁটে নদী পর্যন্ত গিয়ে নৌকায় করে স্কুলে যায় মিলন। ওই দিনও নৌকা থেকে নেমে ওই পারে সে পৌঁছেছিল বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন তাঁকে জানিয়েছেন। তাঁর ধারণা, স্কুলে যাওয়ার পর হারিয়ে গেছে মিলন। তা হলে জিডিতে ‘সে স্কুলেও যায়নি’ লিখেছেন কেন, জানতে চাইলে ফজলু বলেন, ‘এটা থানার মুন্সি লিখেছে। আমি ওইভাবে বলি নাই।’মিলনের বোন শাহনাজ বেগম অভিযোগ করেন, স্কুল কর্তৃপক্ষও এ ব্যাপারে কোনো সহযোগিতা করছে না।