জিডির পরই অপহূত হলেন ওষুধ ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের নিরাপত্তা চেয়ে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আড়াই ঘণ্টার মধ্যে কাকরাইল (রমনা থানা) এলাকা থেকে গাড়ি ও চালকসহ অপহূত হয়েছেন একজন ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।অপহূত মাহমুদ উন নবী (৭৩) ক্যাপ্রিকন এন্টারপ্রাইজ নামের একটি ওষুধ রপ্তানিকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, মাহমুদ উন নবী ও তাঁর গাড়িচালক শহীদকে গাড়িসহ ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের খোঁজে পুলিশ কাজ করছে।মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, ব্যবসায়িক অংশীদারি নিয়ে মাহমুদ উন নবী গতকাল মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির পরপরই পুলিশের একটি দল বিষয়টির তদন্তে নামে। দুপুর দেড়টার দিকে খবর আসে, কাকরাইল এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়েছে। পুলিশ জানায়, শাহজাহান নামের এক ব্যক্তি তাঁর ব্যবসায়িক অংশীদার ছিলেন। নিঃসন্তান শাহজাহান মারা যাওয়া পর তাঁর ভাতিজা মাসুম চাচার সম্পত্তির দখল নিতে তোড়জোড় শুরু করেন। তিন-চার দিন ধরে মাহামুদকে প্রাণনাশের হুমকি দিতে থাকেন মাসুম। তিনিই কাকরাইল থেকে মাহমুদকে তুলে নিয়েছেন বলে পুলিশ জানতে পেরেছে। ক্যাপ্রিকনের অফিস সহকারী এস এইচ কে লোহানী বলেন, মোহাম্মদপুর থানায় জিডি করার পর মাহমুদ উন নবী কাকরাইলের সাউথইস্ট ব্যাংকে যান। এ সময় তিনিসহ (লোহানী) চারজন তাঁর সঙ্গে ছিলেন। ব্যাংক থেকে নেমে গাড়িতে ওঠার সময় মাসুমের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাঁদের সামনে এসে দাঁড়ান। মাহমুদ ততক্ষণে গাড়িতে উঠেছেন। এ সময় কয়েকজন অপহরণকারী গাড়িতে উঠে চালককে শান্তিনগরের দিকে যাওয়ার নির্দেশ দেন। তাঁরা বাধা দিলে তাঁদের মারধর করা হয়। মাহমুদ উন নবীর স্ত্রী ফাতেমা বেগম বলেন, ব্যবসায়িক অংশীদারি নিয়ে তিন-চার দিন ধরে মাসুম তাঁর স্বামীকে হুমকি দিচ্ছিলেন।