জিডির বিষয়টি স্পষ্ট করেনি তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যাকাণ্ড
নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যাকাণ্ড

পুলিশের সাহায্য চাইতে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় খিলগাঁও থানায় গিয়েছিলেন কি না, সে বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের তদন্ত কমিটি। তবে ওই প্রতিবেদনে তাঁর থানায় যাওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়নি।
গত শুক্রবার রাজধানীর পূর্ব গোড়ানে ভাড়া বাসায় খুন হন নীলাদ্রি। এরপর তাঁর স্ত্রী আশা মনি অভিযোগ করেন, নীলাদ্রিকে অনুসরণ করা হচ্ছিল। জীবন নিয়ে শঙ্কায় পুলিশের সাহায্য চাইতে খিলগাঁও থানায়ও গিয়েছিলেন তিনি। কিন্তু পুলিশ নীলাদ্রির সাধারণ ডায়েরি (জিডি) নেয়নি।
নীলাদ্রি গত ১৫ মে বিষয়টি নিজের ফেসবুক পাতায় প্রকাশ করেন। তিনি লেখেন, ‘এ ঘটনায় জিডি করতে গিয়ে আরও উদ্ভট পরিস্থিতির সম্মুখীন হই।...অনুসরণকালে অনেকগুলো থানা এলাকা অতিক্রম করায় ঘটনাস্থলের আওতায় থাকা একটি থানায় জিডি করতে গেলে তারা জিডি নিল না। তারা বলল, এটা আমাদের থানাধীন না, এটা অমুক থানার অধীনে পড়েছে, ওখানে গিয়ে যোগাযোগ করুন, আর যত তাড়াতাড়ি সম্ভব দেশ ছেড়ে চলে যান।’
নীলাদ্রির বন্ধু দেব জ্যোতি রুদ্র সেদিন নীলাদ্রির সঙ্গে থানায় গিয়েছিলেন। গতকাল তিনি বলেন, ১৩ মে সন্ধ্যায় তিনি ও নীলাদ্রি একটি জিডি লিখে নিয়ে খিলগাঁও থানায় যান। কর্তব্যরত কর্মকর্তা বিষয়টি শুনে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলতে বলেন। এরপর মুঠোফোনে ওসির সঙ্গে কথা বলেন রুদ্র। ওসি জিডি নেওয়ার পক্ষে থাকলেও কর্তব্যরত কর্মকর্তা ‘ঘটনাস্থল’ থানা এলাকায় নয়, এই অজুহাত দেখিয়ে জিডি নেননি। এরপর শাহজাহানপুর থানায় যেতে বলা হয়। পরদিন তাঁরা শাহজাহানপুর থানায় গিয়েও জিডি করতে পারেননি। তদন্ত কমিটি এ বিষয়ে দেব জ্যোতির বক্তব্য নেয়নি বলে তিনি জানিয়েছেন।
ঘটনাটি গণমাধ্যমে আসার পর তা তদন্তে শনিবার পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তারেক বিন রশিদকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়। কমিটি ঢাকা মহানগর পুলিশের কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় মঙ্গলবার।
এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘আমরা তদন্ত প্রতিবেদন পেয়েছি এবং তা ডিএমপি সদর দপ্তরে জমা দিয়েছি।’
পুলিশ সূত্র জানায়, প্রতিবেদনে বলা হয়েছে, নীলাদ্রি যে থানায় গিয়েছিলেন থানায় তার কোনো সাক্ষী বা দালিলিক প্রমাণ মেলেনি। তবে তিনি সেদিন খিলগাঁও থানা এলাকায় গিয়েছিলেন বলে তাঁর মুঠোফোনের কল তালিকা থেকে জানা গেছে।