গঠনতন্ত্র অনুযায়ী স্থানীয় মহিলা ক্রীড়া ব্যক্তিত্বকে জেলার মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি করার নিয়ম চালু করতে চেয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কিন্তু শেষ পর্যন্ত জেলা প্রশাসকদের আপত্তি এবং মন্ত্রিপরিষদ বিভাগের সুপারিশের পর রণে ভঙ্গ দিয়েছে কমিটি।
তাই রেওয়াজ অনুযায়ী প্রতিটি জেলায় জেলা প্রশাসকদের (ডিসি) স্ত্রীরাই জেলার মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি থাকছেন। আর গঠনতন্ত্র অনুযায়ী জেলা প্রশাসকেরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতির পদে তো বহাল থাকছেনই। এর ফলে এই পদ দুটিতে জেলা প্রশাসক দম্পতির ৪৩ বছরের বন্ধন আর আলাদা করতে পারল না সংসদীয় কমিটি। গত রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে।
জানতে চাইলে কমিটির সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার জেলা মানিকগঞ্জের জেলা প্রশাসক একজন নারী। সেখানে কী ধরনের রেওয়াজ অনুসরণ করা হবে? সেখানে কি নারী জেলা প্রশাসকের স্বামীকে মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি করা হবে? সেটা তো আর সম্ভব না। সেখানে জেলা প্রশাসক একাই দুটি পদে আছেন।’
সব জেলাতেই বর্তমানে ডিসিদের স্ত্রীরা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি পদে আছেন কি না প্রশ্নের জবাবে নাঈমুর রহমান বলেন, দু-একটি জেলায় হয়তো ব্যতিক্রম থাকতে পারে।
এ বিষয়ে বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের বলেন, ‘ডিসির স্ত্রীরা সভাপতি হন এটাই রেওয়াজ। কোথাও ব্যতিক্রম আছে কি না তা আমার জানা নেই।’
জেলা মহিলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রে বলা আছে, স্থানীয় মহিলা ক্রীড়া ব্যক্তিত্ব জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি হবেন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকে কখনোই এ আইন মানা হয়নি। জেলা প্রশাসকেরা যখন যে জেলায় দায়িত্ব পালন করেন, সেখানে তাঁদের স্ত্রীদের মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি পদে মনোনীত করে আসছেন, যা রেওয়াজে পরিণত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একাধিক বৈঠকে জেলা প্রশাসকদের স্ত্রীদের মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি করার বিষয়টিকে বিধিবহির্ভূত কাজ বলে ব্যাখ্যা করা হয়। কমিটি এ বিষয়ে ৬৪টি জেলার জেলা প্রশাসকদের মতামত নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।
অধিকাংশ জেলা প্রশাসক মন্ত্রণালয়কে তাঁদের মতামত জানান। তাঁদের মতে, জেলা প্রশাসকদের স্ত্রীরা সভাপতি হলে সব সরকারি সংস্থার সহযোগিতা পাওয়া যায়। স্থানীয় মহিলা ক্রীড়া ব্যক্তিত্বকে সভাপতি করা হলে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সংঘাত এবং স্বার্থের দ্বন্দ্ব দেখা দিতে পারে। বিপরীতে জেলা প্রশাসকের স্ত্রীকে সংস্থার সভাপতি করা হলে তাঁকে সবাই সহযোগিতা করে। তাই জেলা প্রশাসকদের স্ত্রীদের সভাপতির পদে রাখার রেওয়াজটি বহাল রাখা উচিত।
জেলা প্রশাসকদের এই মতামতে সায় দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগও। তারা সংসদীয় কমিটিকে চিঠি দিয়ে বলেছে, জেলা প্রশাসকদের স্ত্রীদের মহিলা ক্রীড়া সংস্থার সভাপতির দায়িত্ব পালনের বিষয়টি দীর্ঘদিনের রীতি। এই রীতি সবার কাছে গ্রহণযোগ্য। যে কারণে খেলাধুলার উন্নয়নের স্বার্থে সভাপতির পদে জেলা প্রশাসকদের স্ত্রীদের বহাল রাখা সমীচীন বলে মন্ত্রিপরিষদ বিভাগ মনে করে।
সংসদীয় কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে মন্ত্রিপরিষদ বিভাগ ও জেলা প্রশাসকদের নিয়মপরিপন্থী মতামত মেনে নিয়েছেন। শেষ পর্যন্ত গত রোববার কমিটি তাদের পর্যবেক্ষণে বলেছে, মন্ত্রিপরিষদ বিভাগের পরামর্শ অনুযায়ী জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতির পদে জেলা প্রশাসকের স্ত্রীদের আপাতত বহাল রাখার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
এ বিষয়ে নাঈমুর রহমান বলেন, গঠনতন্ত্র এক ধরনের আইন। যেখানে আইন থাকে না, সেখানে রেওয়াজ অনুসরণ করা হয়। ৪৩ বছর ধরে রেওয়াজ অনুসরণ করে আইন লঙ্ঘন করা হচ্ছে। এটি গ্রহণযোগ্য নয়। আর যদি তা করতেই হয়, তাহলে গঠনতন্ত্র পরিবর্তন করতে পারে সরকার।