জিন ছাড়ানোর নামে পানিতে চুবিয়ে হত্যা
জিন ছাড়ানোর নামে পানিতে চুবিয়ে কাউছার মিয়া (১৮) নামের এক তরুণকে হত্যা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামে শনিবার সন্ধ্যায় কবিরাজ নামধারী মুকবুল হোসেন এ ঘটনা ঘটান। স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।এ ঘটনায় নিহত কাউছারের বাবা মন মিয়া বাদী হয়ে ভুয়া কবিরাজ মুকবুল হোসেন ও তাঁর সহযোগী আবুল খায়েরকে আসামি করে থানায় খুনের মামলা করেছেন।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গ্রেপ্তার হওয়া মুকবুল হোসেনকে গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাঁকে জেলহাজতে পাঠিয়েছেন। কাউছার মিয়া কসবা উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের মন মিয়ার ছেলে এবং মুকবুল হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর গ্রামের মো. রাজ্জাক মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, কসবার লেশিয়ারা গ্রামের কাউছার মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। এ খবর পেয়ে মুকবুল হোসেন এক সপ্তাহ আগে তাঁর চিকিৎসার দায়িত্ব নেন। কবিরাজ তাঁর বাবাকে জানিয়েছেন, ছেলেকে সাতটি জিনে আছর করেছে। জিন ছাড়াতে হলে তাঁকে পানিতে চুবাতে হবে। কবিরাজ গত শনিবার বিকালে তাঁকে একটি ডোবায় চুবাতে থাকেন। এ সময় পানিতে ডুবিয়ে রাখায় কাউছার মারা যান।নিহতের বাবা মন মিয়া জানান, কবিরাজ তাঁকে বলেছেন, তাঁর ছেলেকে সাতটি জিনে আছর করেছে। জিন ছাড়ানোর নামে তাঁর ছেলেকে পানিতে চুবিয়েছে। ছেলের চিত্কারে লোকজন এগিয়ে এলেও কাউকে যেতে দেননি কবিরাজ।কবিরাজ মুকবুল হোসেন থানাহাজতে প্রথম আলোকে জানান, নিহত কাউছারকে সাতটি জিনে আছর করেছে। তিনি গত সাত দিন ধরে জিন ছাড়ানোর জন্য তাঁর চিকিৎসা করছেন। তিনি বলেন, ‘এক সপ্তাহ আগে তাঁর গায়ের জামাকাপড় পুড়িয়ে দেওয়া হয়েছে। তার পরও জিন তাঁকে ছেড়ে যায়নি। তাই তাঁর কাছ থেকে জিন ছাড়ানোর জন্য পানিতে ডোবানো হয়েছে।’