জিন তাড়াতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিন তাড়াতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দেন বোয়ালখালীর খরনদ্বীপের মাওলানা মনছুর নামের এক ওঝা। চার দিন চিকিৎসাধীন থাকার পর তানজিনা জাহান (১৫) নামের ওই কিশোরী গত শুক্রবার ঢাকায় মারা যায়। পটিয়া এয়াকুবদণ্ডী উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তানজিনার। তার বাবা আবু জাফর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তানজিনা কিছুদিন ধরে অসংলগ্ন কথাবার্তা বলছিল। এ জন্য তার মা সখিনা বেগম ২৫ ডিসেম্বর তানজিনাকে বোয়ালখালীর খরনদ্বীপের ওঝা মনছুরের কাছে নিয়ে যান। মা ও তার খালাকে ঘর থেকে বের করে দিয়ে ওঝা মনছুর তানজিনার চিকিৎসা শুরু করেন। এ সময় তানজিনার চারদিকে মোম জ্বালিয়ে দেওয়া হয়। মনছুরের স্ত্রীও ওই চিকিৎসায় সহযোগিতা করেন।আবু জাফর বলেন, ‘কিছুক্ষণ পর আমার মেয়ে চিৎকার শুরু করে। তখন আমার স্ত্রী দরজা ধাক্কাধাক্কি করলে ভেতর থেকে দরজা খোলা হয়নি। তখন ওঝা মনছুর ভেতর থেকে বলতে থাকেন, “জিন চলে যাচ্ছে, ধৈর্য ধরেন।” এরপর দরজা খুলে মনছুর বলেন, “তোমার মেয়ের গায়ে আগুন লেগেছে।”’গুরুতর আহতাবস্থায় ২৫ ডিসেম্বর তানজিনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার রাতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে তানজিনার বাবা বাদী হয়ে ২৬ ডিসেম্বর বোয়ালখালী থানায় একটি মামলা করেন। এতে মনছুর ও তাঁর স্ত্রীকে আসামি করা হয়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাঁরা বিষয়টি আমাদের জানাতে দেরি করেছেন। তাই আসামি পালিয়েছে। তবে দু-এক দিনের মধ্যেই সে গ্রেপ্তার হবে।’