জিন তাড়ানোর কথা বলে ধর্ষণ, একজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরে জিন তাড়ানোর কথা বলে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আলী আকবর ফকির (৬৮) নামের এক কবিরাজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়, জিন আসর করেছে বলে ওই শিশুর বাবা তা ছাড়ানোর জন্য ১২ মার্চ কামরাঙ্গীরচরে আলী আকবরের বাসায় নিয়ে যান। ওই দিন ঝাড়ফুঁক শেষে আলী আকবর পুনরায় শিশুটিকে রোববার (গতকাল) তাঁর বাসায় নিয়ে যেতে বলেন। আলী আকবরের কথামতো, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিশুটির বাবা-মা তাকে নিয়ে আলী আকবরের বাসায় যান। জিন ছাড়ানোর কথা বলে আলী আকবর তাঁর কক্ষ থেকে শিশুটির বাবা-মাকে বাইরে যেতে বলেন। এরপর শিশুটিকে ধর্ষণ করেন আলী আকবর। আধঘণ্টা পর শিশুটি বাইরে এসে তার বাবা–মাকে বিষয়টি জানায়।
এ ঘটনায় শিশুটির বাবা গতকাল কামরাঙ্গীরচর থানায় মামলা করলে পুলিশ রাতেই আলী আকবরকে গ্রেপ্তার করে। কামরাঙ্গীরচর থানার-পুলিশ আজ আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায়। আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।